প্রার্থীদের আয়কর ও নির্বাচনী ব্যয়ের তথ্য চেয়ে ইসিকে সুজনের চিঠি

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ২০ মে ২০২৬, ১৮: ১০
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা সকল প্রার্থীর আয়কর বিবরণী এবং নির্বাচনী ব্যয়ের তথ্য চেয়ে ইসিকে সুজনের চিঠি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সংরক্ষিত নারী আসনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা সকল প্রার্থীর আয়কর বিবরণী এবং নির্বাচনী ব্যয়ের তথ্য চেয়ে নির্বাচন কমিশনকে (ইসি) চিঠি দিয়েছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। গত রবিবার (১৭ মে) নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদের কাছে এই চিঠি পাঠান সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার।

আজ বুধবার (২০ মে) চিঠিটি ঢাকা স্ট্রিমের হাতে এসেছে। চিঠিতে ইসি সচিবকে বদিউল আলম মজুমদার বলেন, সুজন নির্বাচন বিষয়ে দীর্ঘ দিন ধরে গবেষণাধর্মী কার্যক্রম পরিচালনা করে আসছে। ২০০৮ সাল থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীদের তথ্য ও তথ্যের বিশ্লেষণ সুজনের ওয়েবসাইটে সংরক্ষিত আছে।

চিঠিতে আরও বলা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২-এর ১২ (৩) (খ) এবং ৪৪ (গগ) (২) ধারা অনুযায়ী, মনোনয়নপত্রের সঙ্গে প্রার্থীর সর্বশেষ করবর্ষের আয়কর রিটার্নের অনুলিপি জমা দেওয়া বাধ্যতামূলক। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে কিছু প্রার্থীর আয়কর রিটার্নের পূর্ণাঙ্গ তথ্য দেওয়া হয়েছে, যা আমরা পেয়েছি। তবে গবেষণার কাজের জন্য অবশিষ্ট প্রার্থীদের আয়কর রিটার্ন এবং সব প্রার্থীর নির্বাচনী ব্যয়ের তথ্য পেতে আপনার সহযোগিতা প্রত্যাশা করছি।

এ বিষয়ে বদিউল আলম মজুমদার স্ট্রিমকে বলেন, ‘ইসির ওয়েবসাইটে সকল প্রার্থীর আয়কর বিবরণী নেই। বিশেষ করে নারী প্রার্থীদের একজনের তথ্যও সেখানে নেই। আর নির্বাচনী ব্যয়ের হিসাব তো ইসি প্রকাশই করেনি। সে জন্য আমরা চিঠির মাধ্যমে তাঁদের কাছে এই বিষয়গুলো জানতে চেয়েছি।’

এ সময় অনেক প্রার্থী এখনো নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দেননি এবং ইসি সময় বাড়িয়েছে—এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের কমিশন যদি কঠোর হতো, তাহলে সকল প্রার্থী সময়ের মধ্যে নির্বাচনী ব্যয়ের হিসাব দিতে বাধ্য হতো। এ জন্য কমিশনের কঠোরতা প্রয়োজন।’

বদিউল আলম মজুমদারের পাঠানো চিঠি পেয়েছেন বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ। স্ট্রিমকে তিনি বলেন, ‘আমরা সুজনের চিঠি পেয়েছি। ইতিমধ্যে আমরা যেসব দল ও প্রার্থী নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দেয়নি, তাঁদেরকে ১৩ জুন পর্যন্ত সময় দিয়ে চিঠি দিয়েছি। আশা করি ১৩ জুনের মধ্যে সকল প্রার্থী ও দলের নির্বাচনী ব্যয়ের হিসাব পেয়ে যাব। এরপর আমরা সেটি তাঁদের দেব।’

সর্বাধিক পঠিত

সম্পর্কিত