বছিলায় পুলিশের অস্থায়ী ক্যাম্প উদ্বোধন

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ২২: ০৬
বছিলায় অস্থায়ী পুলিশ ক্যাম্প উদ্বোধন করলেন ডিএমপি কমিশনার। ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় কিশোর গ্যাং, ছিনতাই ও মাদকসহ নানা অপরাধ দমনে বছিলায় অস্থায়ী পুলিশ ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার এই ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ডিএমপি কমিশনার ঘোষণায় বলেন, ‘অপরাধ দমনে আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। অপরাধীদের চিহ্নিত করে তাদের ছবি জনসম্মুখে আনা হবে, যাতে জনগণ তাদের সম্পর্কে সতর্ক থাকতে পারে এবং তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করতে পারে।’

আধুনিক পুলিশিং ব্যবস্থা নিশ্চিত করতে রাজধানীজুড়ে প্রায় ১১ হাজার সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হচ্ছে জানিয়ে কমিশনার বলেন, শুধু মোহাম্মদপুর এলাকাতেই ৭০০টি সিসিটিভি ক্যামেরা বসানো হবে। এ ছাড়া ডিজিটাল সেবার অংশ হিসেবে হোটেল, রেস্টুরেন্ট এবং বাসাবাড়ির ভাড়াটিয়াদের তথ্য সংরক্ষণে অ্যাপভিত্তিক সিস্টেম চালু করা হবে।

মো. সরওয়ার আরও বলেন, ‘রায়েরবাজার ও বছিলা এলাকায় পুলিশ ক্যাম্পের সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে। মাদক ও দেশীয় অস্ত্র নিয়ন্ত্রণে পুলিশ সর্বোচ্চ সতর্কতায় কাজ করছে। মোহাম্মদপুর এলাকাকে অপরাধমুক্ত করতে সমন্বিত অভিযান চালানো হচ্ছে। পরিস্থিতির প্রয়োজনে অন্যান্য থানা থেকেও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে।’

উদ্বোধনের পর ডিএমপি কমিশনার স্থানীয় বাসিন্দাদের নিয়ে আয়োজিত ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠানে যোগ দেন। সেখানে তিনি সাধারণ জনগণকে নির্ভয়ে অপরাধীদের তথ্য দেওয়ার আহ্বান জানান।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত