ঢাকায় এসকর্ট ছাড়াই চলবেন ১৮ মন্ত্রী, সুবিধা বহাল ছয়জনের

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ২৩: ৪৪
১৮ জন মন্ত্রীর পুলিশ এসকর্ট বা বিশেষ পাহারা প্রত্যাহার করেছে সরকার। ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকায় এখন থেকে পুলিশের বিশেষ পাহারা দল বা ‘এসকর্ট’ সুবিধা ছাড়াই চলাচল করবেন ১৮ জন মন্ত্রী। তবে শুধু ছয়জন মন্ত্রী ও একজন উপদেষ্টার জন্য এ সুবিধা বহাল রাখা হয়েছে।

আজ রোববার (২৬ জুলাই) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) একাধিক সূত্র থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। সরকারের নতুন এ সিদ্ধান্ত ইতিমধ্যে কার্যকর করা হয়েছে বলে ডিএমপি জানিয়েছে।

ডিএমপির মিডিয়া শাখার অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদী বলেন, শুধু রাজধানী ঢাকার ক্ষেত্রে পুলিশের প্রটেকশন প্রত্যাহার করা হয়েছে এবং এটি ইতিমধ্যে কার্যকর করা হয়েছে। তবে কবে থেকে করা হয়েছে, সে বিষয়ে এখনো লিখিত কোনো আদেশ বা পত্র জারি হয়নি।

তবে ঢাকার বাইরে বিভিন্ন জেলা শহরে এসব মন্ত্রী প্রবেশ করলে আগের মতোই তারা প্রটোকল নিরাপত্তা পাবেন।

ডিএমপি জানায়, শুধু রাজধানীতেই এসকর্ট প্রত্যাহার করা হয়েছে, ঢাকার বাইরে নয়। ফলে পুলিশ প্রহরায় রাজধানীতে চলাচল করা ১৮ মন্ত্রী এখন ‘এসকর্ট’ ছাড়াই যাতায়াত করছেন।

ডিএমপির এই কর্মকর্তা আরও জানান, পুলিশকে আরও অধিক গুরুত্বপূর্ণ কাজে নিয়োজিত করা, ব্যয় সংকোচন ও যানজট নিরসনের ভাবনা থেকে প্রধানমন্ত্রীর ইচ্ছার প্রতিফলন ঘটেছে পুলিশের এই প্রটেকশন প্রটোকল প্রত্যাহারের ঘটনায়। এর ফলে প্রটেকশন প্রটোকলবিহীন মন্ত্রীরা নিরাপত্তা ঝুঁকিতে পড়বেন কি না, এমন প্রশ্ন ডিএমপি কমিশনার ও প্রটেকশন বিভাগের মোবাইল ফোনে পাঠিয়ে কোনো সাড়া পাওয়া যায়নি।

ডিএমপির একজন অতিরিক্ত কমিশনার জানান, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এই সিদ্ধান্ত নিয়েছে।

রাজধানীতে এসকর্ট সুবিধা বহাল রয়েছে ছয় মন্ত্রী ও এক উপদেষ্টার। তারা হলেন– স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর; স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ; অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী; মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন; পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এবং মন্ত্রী পদমর্যাদার পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।

এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) এএইচএম শাহাদাত হোসাইন বলেন, ‘এটি ডিএমপির বিষয়। ঢাকার বাইরে সব মন্ত্রীই নিরাপত্তা প্রটোকল পাবেন।’

Ad 300x250

সম্পর্কিত