leadT1ad

উত্তরাঞ্চলে কৃষিভিত্তিক শিল্পাঞ্চল গড়ার প্রতিশ্রুতি তারেক রহমানের

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
ঠাকুরগাঁও

প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৫: ১৭
ঠাকুরগাঁওয়ের জনসভায় তারেক রহমান। ছবি: বিএনপির ফেসবুক পেজ থেকে

বিএনপি ক্ষমতায় গেলে উত্তরাঞ্চলে কৃষিভিত্তিক শিল্পাঞ্চল গড়ে তোলা হবে জানিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও দিনাজপুর এলাকায় কৃষিসংশ্লিষ্ট শিল্পকারখানা স্থাপন করা হবে, যাতে স্থানীয়ভাবে কর্মসংস্থান সৃষ্টি হয়। কৃষিপণ্য সংরক্ষণের জন্য প্রয়োজন অনুযায়ী হিমাগার নির্মাণের প্রতিশ্রুতিও দেন তিনি।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির চেয়ারম্যান এসব প্রতিশ্রুতি দেন।

বক্তব্যে উত্তরাঞ্চলের জন্য নানা প্রতিশ্রুতি দিয়ে তারেক রহমান বলেন, এই এলাকার চিনিকলসহ এই অঞ্চলের শিল্প কারখানাগুলো পুনরায় চালু করা হবে। ঠাকুরগাঁও ক্যাডেট কলেজ করার চেষ্টা করবে বিএনপি। এছাড়া হিমাগার তৈরি করা হবে, যেন কৃষক তাদের পণ্য সংরক্ষণ করতে পারে। পাশাপাশি বেকারদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষে আইটি সেক্টরেও হাব তৈরি করা হবে।

ঠাকুরগাঁওয়ের জনসভায় তারেক রহমান
ঠাকুরগাঁওয়ের জনসভায় তারেক রহমান

বেকারত্ব দূর করতে যুবকদের প্রশিক্ষণের ওপর জোর দিয়ে তারেক রহমান বলেন, তরুণদের কৃষি, যন্ত্রাংশসহ বিভিন্ন খাতে প্রশিক্ষণ দিয়ে দক্ষ শ্রমিক হিসেবে গড়ে তোলা হবে, যাতে তাঁরা দেশে কিংবা বিদেশে কর্মসংস্থানের সুযোগ পান। একই সঙ্গে আইটি খাতে কর্মরত তরুণদের জন্য আইটি পার্ক বা আইটি হাব গড়ে তোলার কথাও বলেন তিনি।

জনসভায় তিনি বলেন, নির্বাচনে বিজয়ী হলে নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে। এই কার্ডের মাধ্যমে দেশের প্রতিটি পরিবারের নারীদের মাসিক আর্থিক সহায়তা দেওয়া হবে, যাতে তাঁরা সংসার পরিচালনায় সাচ্ছন্দ্য পান।

ঠাকুরগাঁওয়ে বিএনপির জনসভা
ঠাকুরগাঁওয়ে বিএনপির জনসভা

কৃষকদের জন্য ‘কৃষি কার্ড’ চালুর প্রতিশ্রুতি দিয়ে তারেক রহমান বলেন, এই কার্ডের মাধ্যমে কৃষকেরা সহজে ঋণ নিতে পারবেন এবং প্রয়োজনীয় সার, বীজ ও কীটনাশক পাবেন। এ ছাড়া সরকার গঠন করলে সারা দেশে কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হবে। নিবন্ধিত এনজিও থেকে নেওয়া ক্ষুদ্রঋণের দায়ও সরকারের পক্ষ থেকে পরিশোধের ঘোষণা দেন তিনি।

স্বাস্থ্য খাতে প্রতিশ্রুতি দিয়ে তারেক রহমান বলেন, সরকার গঠন করলে গ্রামে গ্রামে মা ও শিশুদের জন্য হেলথকেয়ার কর্মী নিয়োগ দেওয়া হবে, যাঁরা ঘরে বসে চিকিৎসাসেবা দেবেন। এ ছাড়া এই অঞ্চলে মেডিকেল কলেজ স্থাপনের উদ্যোগ নেওয়া হবে। উচ্চশিক্ষার সুযোগ বাড়াতে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়টিও বিবেচনার আশ্বাস দেন তিনি।

জনসভা মঞ্চে তারেক রহমান
জনসভা মঞ্চে তারেক রহমান

শিল্প পুনরুজ্জীবনের অংশ হিসেবে ঠাকুরগাঁও ও পঞ্চগড়ের চিনিকল, রেশম কারখানা ও চা শিল্প আবার চালুর প্রতিশ্রুতি দেন বিএনপির চেয়ারম্যান। পাশাপাশি ঠাকুরগাঁওয়ে ক্যাডেট কলেজ স্থাপনের দাবিও বাস্তবায়নের কথা বলেন।

জনসভায় বক্তব্যের শেষ পর্যায়ে তারেক রহমান কানে কানে কিছু একটা বলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তখন বিএনপি চেয়ারম্যান বলেন, ‘আমাকে মির্জা ফখরুল ইসলাম সাহেব বললেন যে এই এলাকার এয়ারপোর্টটার কাজ অনেক দূরে এগিয়ে গেছে। ইনশাআল্লাহ বিএনপি আগামী ১২ তারিখে নির্বাচনের সরকার গঠন হলে যত দ্রুত সম্ভব আমরা এই এলাকার এয়ারপোর্ট চালু করবো।’

তিনি বলেন, জনগণই রাষ্ট্রের মালিক এবং জনগণের সমর্থন নিয়েই বিএনপি দেশ পুনর্গঠনের কাজ করতে চায়।

শেষে তিনি ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, অতীতে যেমন বিএনপি জনগণের পাশে ছিল, ভবিষ্যতেও একইভাবে মানুষের পাশে থাকবে।

Ad 300x250

সম্পর্কিত