জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

ও গণভোট

ক্লিক করুন

গণনার সময় আমার আসনে ‘ইঞ্জিনিয়ারিং’ হয়েছে: মামুনুল হক

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৮: ৪২
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন মাওলানা মামুনুল হক। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-১৩ আসনে ভোট গণনার সময় পরিকল্পিতভাবে ‘ইঞ্জিনিয়ারিং’ করা হয়েছে বলে অভিযোগ করেছেন ওই আসনের ১১-দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী মাওলানা মামুনুল হক।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করতে এসে সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন। মামুনুল হক দাবি করেন, ভোটগ্রহণ শান্তিপূর্ণ ও উৎসবমুখর হলেও গণনার সময় কারচুপি রোধ করা সম্ভব হয়নি এবং এর মাধ্যমে গণমতের প্রকৃত প্রতিফলন ঘটেনি।

মামুনুল হক বলেন, ‘সারাদিন স্বচ্ছ পরিবেশ দেখানো হয়েছে, কিন্তু ভোটগণনার সময় যে ইঞ্জিনিয়ারিং হয়েছে, তা কোনোভাবেই রোধ করা যায়নি। বিষয়টি খুব পরিকল্পিতভাবেই করা হয়েছে বলে আমাদের মনে হয়েছে।’ তিনি অভিযোগ করেন, ঢাকা-১৩ আসনের অনেক কেন্দ্রে পোলিং এজেন্টদের রেজাল্ট শিটে স্বাক্ষর নেওয়া হয়নি বা তাঁদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। এমনকি কৌশলে আগেই স্বাক্ষর নেওয়ার ঘটনাও ঘটেছে।

রেজাল্ট শিট টেম্পারিংয়ের সুনির্দিষ্ট অভিযোগ তুলে মামুনুল হক বলেন, ‘অনেক শিটে ঘষামাজা ও ওভাররাইটিং করা হয়েছে। স্পষ্ট বোঝা যাচ্ছে, আগে এক অঙ্ক ছিল, পরে অন্য অঙ্ক বসানো হয়েছে। সব জায়গায় একটি নির্দিষ্ট প্রার্থীর মার্কাতেই এই কাটছেঁড়া করা হয়েছে, যা ওই বিশেষ মার্কার ভোট বাড়ানোর স্পষ্ট ইঙ্গিত।’

ব্যালট পেপারের নকশা জটিলতার কারণে বিপুল ভোট বাতিলের অভিযোগও করেন মামুনুল হক। তিনি বলেন, ‘ব্যালটের দ্বিতীয় প্যারার শেষ ঘরটি খালি থাকায় ভোটাররা বিভ্রান্ত হয়ে সেখানে সিল মেরেছেন। এই বিভ্রান্তির কারণে আমার ৪ হাজার ৩৮১টি ভোট বাতিল হয়েছে। অন্য অনেক আসনে এমন ব্যালট গ্রহণ করা হলেও আমাদের ভোট কেন বাতিল করা হলো, এটাই মূল অভিযোগ।’

তাৎক্ষণিক প্রতিবাদ না করার কারণ ব্যাখ্যা করে মামুনুল হক বলেন, পোলিং এজেন্টদের কথা বলতে দেওয়া হয়নি। এমনকি তাঁকে রেসিডেন্সিয়াল মডেল কলেজে বিকেল সাড়ে ৪টার পর মাত্র ১ মিনিট দেরি হওয়ার অজুহাতে ঢুকতে দেওয়া হয়নি। তিনি বলেন, ‘আমরা লেভেল প্লেয়িং ফিল্ড পাইনি। তাই এখন ইসিতে অভিযোগ দায়ের করলাম এবং শেষ পর্যন্ত এই আইনি লড়াই চালিয়ে যেতে চাই।’

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত