ad

বিশ্বকাপের তরুণ সেনসেশন–৭

১৯ বছরের পাউ কুবারসিই স্পেনের স্বপ্নসারথি

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০৯ জুন ২০২৬, ২০: ৪৯
পাউ কুবারসি। স্ট্রিম গ্রাফিক

২ দিন পর পর্দা উঠবে ২০২৬ ফিফা বিশ্বকাপের। বিশ্বমঞ্চের এই মহারণের অপেক্ষায় প্রহর গুনছে কোটি ফুটবলপ্রেমী। বিশ্বকাপের অন্যতম ফেভারিট স্পেনের জন্য এবারের আসর নতুন যুগের সূচনার।

২০১০ বিশ্বকাপের শিরোপা ঘরে তোলার পর কেটে গেছে ১৬ বছর। ২০১৪ বিশ্বকাপে গ্রুপ স্টেজ, ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে শেষ ১৬-তেই বিদায় নেয় স্পেন। সমর্থকদের দাবি, এই তিন বিশ্বকাপে আক্রমণ আর মাঝমাঠে তারকা ফুটবলার নিয়ে শেষমেশ রক্ষণের দুর্বলতায় হতাশ হতে হয়েছে । এবারের বিশ্বকাপে সেই রক্ষণের দায়িত্ব সামলাবেন ১৯ বছরের এক তরুণ।

লা মাসিয়ার আলো-বাতাসে বেড়ে ওঠা এই কিশোর এবার স্পেনের রক্ষণের মূল ভরসা। এই সেন্ট্রাল ডিফেন্ডারের নাম পাউ কুবারসি। বার্সেলোনা এবং স্পেনের রক্ষণভাগের এই নতুন সেনসেশন ইতিমধ্যে ফুটবল আঙিনায় অন্যতম আলোচিত খেলোয়াড়। তাঁর খেলার পরিপক্বতা ও ধরন দেখে মুগ্ধ হচ্ছেন সমালোচক-ভক্তরা সকলে।

লা মাসিয়ার আঙিনা থেকে বিশ্বমঞ্চ

২০০৭ সালের ২২ জানুয়ারি স্পেনের কাতালুনিয়ায় জন্ম পাউ কুবারসির। এগারো বছর বয়সে যোগ দেন বার্সেলোনার একাডেমি ‘লা মাসিয়া’তে। ২০২৩-২৪ মৌসুমে মাত্র ১৭ বছর বয়সে বার্সার মূল দলে তাঁর অভিষেক হয়। এরপর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। অভিষেকের পর থেকেই দলটির রক্ষণভাগের অন্যতম স্তম্ভ তিনি।

২০২৪ প্যারিস অলিম্পিকে স্পেনের হয়ে সোনা জিতেন পাউ কুবারসি। ছবি: সংগৃহীত
২০২৪ প্যারিস অলিম্পিকে স্পেনের হয়ে সোনা জিতেন পাউ কুবারসি। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ফুটবলে কুবারসির পথচলা শুরু ২০২৪ সালের ২২ মার্চ কলম্বিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে। মাত্র ১৭ বছর বয়সে স্পেনের ইতিহাসে সর্বকনিষ্ঠ ডিফেন্ডার হিসেবে অভিষেকের রেকর্ড গড়েন তিনি। ২০২৪ প্যারিস অলিম্পিকে স্পেনের হয়ে সোনা জিতেছেন। সদ্য সমাপ্ত মৌসুমে বার্সেলোনা ও স্পেন জাতীয় দলের হয়ে দারুণ ফর্মে ছিলেন তিনি।

কোচ ও সতীর্থদের চোখে এক বিস্ময়বালক

বার্সেলোনার সাবেক কোচ জাভি হার্নান্দেজ বলেছিলেন, ‘মাত্র ১৭ বছর বয়সে ও যেভাবে বল রিকভার করে এবং ডুয়েল জেতে তা সত্যিই অবিশ্বাস্য।’

স্পেনের জাতীয় দলের কোচ লুইস দে লা ফুয়েন্তে বলেন, ‘কুবারসি দলের জন্য গুরুত্বপূর্ণ। এই বয়সে সে যা করতে সক্ষম, তাতেই প্রমাণিত বিশ্বসেরা হওয়ার সকল সম্ভাবনা তার রয়েছে।’

বার্সেলোনার সতীর্থ এবং স্পেনের অভিজ্ঞ ডিফেন্ডাররাও মনে করেন, স্প্যানিশ ফুটবলের রক্ষণের ভবিষ্যৎ কুবারসির হাতে।

২০২৬ বিশ্বকাপ

বিশ্বকাপে স্পেন খেলবে ‘গ্রুপ ই’-তে। তিনবারের ইউরো এবং ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়নরা এবার নতুন ইতিহাস লিখতে চায়। ১৫ জুন কেপ ভার্দের বিপক্ষে ম্যাচ দিয়ে কুবারসির বিশ্বকাপ যাত্রা শুরু। এরপর ২১ জুন সৌদি আরব এবং ২৭ জুন উরুগুয়ের বিপক্ষে মাঠে নামবে স্পেন।

গ্রুপ পর্বের তিন ম্যাচ এবং পরে শেষ ৩২-সহ নকআউটের সব ম্যাচেই স্পেনের রক্ষণভাগের মূল ভরসা কিন্তু কুবারসিই। আক্রমণে ইয়ামাল, নিকো আর মাঝমাঠে রদ্রি-পেদ্রি-রুইজদের নিয়ে স্পেন বিশ্বকাপের অন্যতম ফেভারিট। তবে কিছুটা ছন্নছাড়া রক্ষণে কুবারসিই রাখবেন স্পেনের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা।

ফুটবল বোদ্ধারা বলছেন, স্পেনের রক্ষণভাগে নতুন প্রাচীর পাউ কুবারসি। বিশ্বমঞ্চে নিখুঁত পাস আর ইস্পাতকঠিন ট্যাকলে প্রতিপক্ষের সকল পরিকল্পনা ভেস্তে দিতে প্রস্তুত তিনি। স্প্যানিশদের দ্বিতীয় বিশ্বকাপ জয়ের স্বপ্নে কুবারসি হতে পারেন সবচেয়ে গুরুত্বপূর্ণ।

Ad 300x250

সম্পর্কিত