আফগানিস্তানে প্রাকৃতিক দুর্যোগে ১৭ জনের মৃত্যু
স্ট্রিম ডেস্ক

আফগানিস্তানের বিভিন্ন স্থানে গত ২৪ ঘণ্টায় ভারী বর্ষণ, বজ্রপাত, ভূমিধস ও আকস্মিক বন্যায় অন্তত ১৭ জন নিহত এবং ২৬ জন আহত হয়েছেন। রোববার (২৯ মার্চ) দেশটির কর্তৃপক্ষের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য নিশ্চিত করেছে।
আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মুখপাত্র ইউসুফ হাম্মাদ এক বিবৃতিতে জানিয়েছেন, উদ্ধারকারী দলগুলো ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে জরিপ চালাচ্ছে, ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। তিনি জানান, দেশের ৩৪টি প্রদেশের মধ্যে ১৩টি প্রদেশ এই দুর্যোগের কবলে পড়েছে।
মুখপাত্র আরও জানান, এই প্রাকৃতিক দুর্যোগে ১৪৭টি বাড়ি আংশিক বা সম্পূর্ণ ধ্বংস হয়েছে। এছাড়া ৮০ কিলোমিটার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে এবং বিপুল পরিমাণ কৃষিজমি ও সেচখাল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
এর আগে চলতি বছরের শুরুর দিকেও দেশজুড়ে ভারী তুষারপাত এবং আকস্মিক বন্যায় আফগানিস্তানে বেশ কয়েকজন মানুষের মৃত্যু হয়েছিল।
আফগানিস্তান আবহাওয়াজনিত দুর্যোগের ক্ষেত্রে অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি দেশ। এখানে প্রায়ই ভারী বৃষ্টিপাত ও তুষারপাতের ফলে সৃষ্ট বন্যায় শত শত মানুষের প্রাণহানি ঘটে। দশকের পর দশক ধরে চলা যুদ্ধ-সংঘাত, দুর্বল অবকাঠামো, ভঙ্গুর অর্থনীতি এবং নির্বিচারে বন উজাড়ের কারণে দেশটিতে জলবায়ু পরিবর্তনের প্রভাব আরও ভয়াবহ রূপ নিয়েছে। উল্লেখ্য, ২০২৪ সালেও বসন্তকালীন আকস্মিক বন্যায় দেশটিতে ৩০০ জনের বেশি মানুষ নিহত হয়েছিলেন।
.png)
-028855-256x144.webp)





