টেলিগ্রাফের প্রতিবেদন

ফোনালাপে নেতানিয়াহুকে ট্রাম্প– সবাই আপনাকে ঘৃণা করে

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

বাম থেকে ডোনাল্ড ট্রাম্প ও নেতানিয়াহু। ছবি: সিএনএন

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘উন্মাদ’ এবং ‘সবাই আপনাকে ঘৃণা করে’ বলে তিরস্কার করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। লেবাননে ইসরায়েলি আগ্রাসন সম্প্রসারণের কারণে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পরিস্থিতিতে ফোন করে ট্রাম্প এসব কথা বলেন। খবর দ্য টেলিগ্রাফের।

লেবাননে ইসরায়েলের হামলা সম্প্রসারণের ঘোষণায় সোমবার ইরান শান্তি আলোচনা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেয়। এরপর সন্ধ্যায় নেতানিয়াহুকে ফোন করেন মার্কিন প্রেসিডেন্ট। পরে লেবাননে পূর্বনির্ধারিত বিমান হামলা বাতিল করে ইসরায়েল।

তবে নেতানিয়াহুর সঙ্গে ওই ফোনালাপ উত্তপ্ত ছিল বলে জানিয়েছে যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ। ট্রাম্প ‘অশালীন ভাষা’ ব্যবহার করেন জানিয়ে তাদের প্রতিবেদনে বলা হয়েছে, ফোনালাপে নেতানিয়াহুকে ‘উন্মাদ’ বলে অভিহিত করেন ট্রাম্প এবং অকৃতজ্ঞতার অভিযোগ তোলেন।

অ্যাক্সিওসের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, ট্রাম্প নেতানিয়াহুকে বলেছেন, লেবাননে বোমা হামলার পরিকল্পনা বাস্তবায়ন করলে ইসরায়েল আন্তর্জাতিক অঙ্গনে আরও বেশি বিচ্ছিন্ন হয়ে পড়বে।

এ ছাড়া দুটি সূত্র জানিয়েছে, ট্রাম্প দাবি করেছেন, তিনিই ইসরায়েলি প্রধানমন্ত্রীকে জেলে যাওয়া থেকে বাঁচতে সাহায্য করেছেন, যা মূলত নেতানিয়াহুর বিরুদ্ধে চলমান দুর্নীতি মামলার দিকে ইঙ্গিত করে।

মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যের সারসংক্ষেপ টেনে ওয়াশিংটনের এক কর্মকর্তা বলেন, ট্রাম্প বলেছেন, ‘আপনি পুরো পাগল। আমি না থাকলে আপনি এত দিনে কারাগারে থাকতেন। আমি আপনার পিঠ বাঁচাচ্ছি। এখন সবাই আপনাকে ঘৃণা করে। এসবের কারণে সবাই ইসরায়েলকে ঘৃণা করছে।’

ফোনালাপ সম্পর্কে অবগত দ্বিতীয় একটি সূত্র জানিয়েছে, ট্রাম্প অত্যন্ত ‘ক্ষুব্ধ’ ছিলেন এবং একপর্যায়ে নেতানিয়াহুর ওপর চিৎকার করে ওঠেন, ‘আপনি এসব কী --- করছেন?’

ওই ফোনালাপের পর ট্রাম্প ঘোষণা দেন, ‘বৈরুতে কোনো সেনা যাচ্ছে না এবং যারা পথে ছিল, তাদের ফিরিয়ে আনা হয়েছে।’

পরবর্তীতে এবিসি নিউজকে ট্রাম্প বলেন, ‘তিনি বিশ্বাস করেন, আগামী সপ্তাহের মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে এবং হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করতে ইরানের সঙ্গে একটি চুক্তি হবে।’

লেবানন নিয়ে নতুন উত্তেজনা

ইসরায়েল এর আগে বৈরুতের দক্ষিণ উপশহর দাহিয়েহ এলাকায় হামলার পরিকল্পনা করেছিল। এলাকাটি হিজবুল্লাহর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। ইসরায়েলের দাবি, হিজবুল্লাহ যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে।

এর জবাবে ইরান হুঁশিয়ারি দিয়ে বলেছিল, হামলা হলে তারা উত্তর ইসরায়েলে আঘাত হানবে এবং শান্তি আলোচনা থেকে সরে যাবে।

ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-ঘনিষ্ঠ তাসনিম বার্তা সংস্থা জানায়, ইরানের আলোচক দল মধ্যস্থতাকারীদের মাধ্যমে চলা আলোচনা ও বার্তা বিনিময় স্থগিত করেছে।

আইআরজিসির প্রধান অপারেশনাল কমান্ড খাতাম আল-আনবিয়া সদর দপ্তরও সতর্ক করে, দাহিয়েহ ও বৈরুতে হামলা হলে সাধারণ মানুষকে এলাকা ছেড়ে যেতে হবে।

তবে সোমবার রাতে ট্রাম্প দাবি করেন, তিনি ইসরায়েল ও হিজবুল্লাহ—দুই পক্ষকেই উত্তেজনা কমাতে রাজি করিয়েছেন।

ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন, নেতানিয়াহুর সঙ্গে তাঁর আলোচনা ছিল খুবই ফলপ্রসূ। উচ্চপর্যায়ের প্রতিনিধিদের মাধ্যমে হিজবুল্লাহর সঙ্গেও তাঁর ইতিবাচক আলোচনা হয়েছে এবং উভয় পক্ষ হামলা বন্ধে রাজি হয়েছে।

সম্পর্কিত