জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। ছবি: সংগৃহীত
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। ছবি: সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। স্থানীয় সময় মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে জাতিসংঘ সদর দপ্তরে শপথ গ্রহণের মধ্য দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন।

এর মধ্য দিয়ে প্রায় চার দশক পর আবারও সাধারণ পরিষদের সভাপতির আসনে বসলেন বাংলাদেশের কোনো প্রতিনিধি। এর আগে ১৯৮৬ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করেছিলেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্রসচিব ও রাজনীতিক হুমায়ুন রশিদ চৌধুরী।

নতুন সভাপতি খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের সভাপতি ও জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক।

গত ২ জুন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হন খলিলুর রহমান। নির্বাচনে তিনি সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ দূত আন্দ্রেয়াস এস কাকোরিসকে পরাজিত করেন।

আঞ্চলিকভাবে ঘূর্ণায়মান পদ্ধতিতে এবার এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে সাধারণ পরিষদের পরবর্তী অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ। শুরুতে এ পদে বাংলাদেশের প্রার্থী ছিলেন তৎকালীন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার তাঁকে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছিল।

তবে একই পদে ফিলিস্তিনের একজন প্রার্থী থাকায় বাংলাদেশ তখন প্রার্থিতা স্থগিত রাখে, যদিও তা প্রত্যাহার করেনি। পরে ফিলিস্তিন প্রার্থিতা প্রত্যাহার করলে বাংলাদেশের প্রার্থিতা আবার সক্রিয় হয়।

এরপর বাংলাদেশে সরকার পরিবর্তনের পর তৌহিদ হোসেনের পরিবর্তে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে প্রার্থী করা হয়। প্রার্থী পরিবর্তনের পর প্রায় তিন মাসের প্রচারণায় সাধারণ পরিষদের সভাপতি পদে নির্বাচিত হন তিনি।

খলিলুর রহমান ১৯৭৭ সালে অনুষ্ঠিত প্রথম নিয়মিত বিসিএস পরীক্ষায় প্রথম হয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন। তাঁর কর্মজীবনের বড় একটি অংশ কেটেছে জাতিসংঘের বিভিন্ন সংস্থায় কাজ করে।

১৯৮৬ সালে হুমায়ুন রশিদ চৌধুরী যখন সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করছিলেন, তখন খলিলুর রহমান তাঁর ব্যক্তিগত সহযোগী হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত