ঘেরের পাড়ে রক্তের দাগ, পানিতে যুবকের মরদেহ

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
যশোর

প্রকাশ : ০২ মার্চ ২০২৬, ২১: ১১
লাশের প্রতীকী ছবি। স্ট্রিম গ্রাফিক্স
লাশের প্রতীকী ছবি। স্ট্রিম গ্রাফিক্স

যশোরের মণিরামপুর উপজেলায় আরিফ হোসেন (২৫) নামে একজনকে বিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২ মার্চ) উপজেলার নেহালপুর ইউনিয়নের বালিধা বৈরাগী মোড় সংলগ্ন একটি মাছের ঘের থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এর আগে ঘেরের পাড়ে রক্তের দাগ দেখে সন্দেহ হয় পথচারীদের।

পুলিশের ধারণা, রোববার (১ মার্চ) রাতে আরিফকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এরপর তাঁর মরদেহ ঘেরের পানিতে ফেলে যায়।

নিহত আরিফ হোসেন স্থানীয় গরু ব্যবসায়ী আতিয়ার রহমানের একমাত্র ছেলে। তাঁকে হারিয়ে পরিবারে চলছে শোকের মাতম। দ্রুত তদন্ত শেষ করে হত্যাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজনরা।

স্থানীয়রা জানান, সোমবার সকালে আনোয়ার ফকিরের মাছের ঘেরের পাড়ে রক্তের দাগ দেখে পথচারীদের প্রথমে সন্দেহ হয়। পরে ঘেরের পানিতে ভাসমান মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেন তাঁরা।

খবর পেয়ে মণিরামপুর থানা ও নেহালপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ দুপুরে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রজিউল্লাহ খান বলেন, ‘হত্যার সুনির্দিষ্ট কারণ এখনো উদ্‌ঘাটিত হয়নি। প্রাথমিকভাবে পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। মরদেহে ধারালো অস্ত্রের একাধিক গভীর ক্ষতচিহ্ন পাওয়া গেছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।’

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত