নিউমার্কেট এলাকায় গুলিতে নিহত টিটন ‘শীর্ষ সন্ত্রাসী’

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

নিহত খন্দকার নাঈম আহমেদ টিটন। সংগৃহীত ছবি

রাজধানীর নিউমার্কেট এলাকায় খন্দকার নাঈম আহমেদ টিটনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে নিউমার্কেট সংলগ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ হোস্টেলের বটতলায় এই ঘটনা ঘটে।

পরে রাত সাড়ে ১০টার দিকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) আঙুলের ছাপের (ফিঙ্গার প্রিন্ট) মাধ্যমে টিটনের পরিচয় শনাক্ত করে। তাঁর বাবার নাম কে এম ফকরুদ্দিন এবং মায়ের নাম আকলিমা বেগম। বর্তমান ঠিকানা হাজারীবাগের জিগাতলা সুলতানগঞ্জ।

পুলিশ সূত্র জানায়, ২০০১ সালে বিএনপি-জামায়াত সরকারঘোষিত ২৩ শীর্ষ সন্ত্রাসীর তালিকার ২ নম্বরে ছিল টিটনের নাম। তিনি আরেক শীর্ষ সন্ত্রাসী ইমনের স্ত্রীর বড় ভাই। ২০০৪ সালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিটনকে রাজধানী থেকে গ্রেপ্তার করে। পরে ২০১৪ সালে ব্যবসায়ী বাবর এলাহী হত্যা মামলায় তাঁর মৃত্যুদণ্ড দেন আদালত।

নিউমার্কেট থানার এসআই শাহাদৎ হোসেন জানান, প্রযুক্তির সাহায্যে নিহতের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তাঁর সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করছে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের নিউমার্কেট অঞ্চলের এক কর্মকর্তা জানান, টিটন নিজেও তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর এক সপ্তাহের মধ্যে তিনি আদালত থেকে জামিন ও কাশিমপুর হাইসিকিউরিটি কারাগার থেকে মুক্তি পান।

ওই কর্মকর্তা আরও জানান, টিটন মূলত রায়েরবাজার ও মোহাম্মদপুর এলাকায় প্রভাব বিস্তার করতেন। তাঁর বিরুদ্ধে চাঁদাবাজি, টেন্ডারবাজি এবং বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের একাধিক অভিযোগ রয়েছে। জামিনে মুক্ত হওয়ার পর নিয়মিত আদালতে হাজিরা না দিয়ে পলাতক ছিলেন টিটন।

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এই হত্যাকাণ্ডের পেছনে কোনো ‘গ্যাং ওয়ার’ বা অভ্যন্তরীণ কোন্দল রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত