জন্মের ৪৫ দিনেই মৃত্যু ৭৪ শিশুর, ফেঁসে যাচ্ছেন কর্মকর্তা

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
লক্ষ্মীপুর

ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আবুল বাছের। ছবি: সংগৃহীত
ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আবুল বাছের। ছবি: সংগৃহীত

কাগজে জন্ম, ৪৫ দিনের মধ্যে মৃত্যু—লক্ষ্মীপুরে এমন ৭৪ অস্তিত্বহীন শিশু নিবন্ধনের অভিযোগ উঠেছে চররমনী মোহন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আবুল বাছেরের বিরুদ্ধে। এ ঘটনায় বুধবার (৯ সেপ্টেম্বর) যুগ্ম সচিব লুৎফুর রহমানের সই করা এক চিঠিতে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

চিঠিতে বাছেরের নিবন্ধন সহকারীর ক্ষমতা প্রত্যাহার করে ওই দায়িত্ব অন্য কাউকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। ভুয়া নিবন্ধনের মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো জন্ম ও মৃত্যু নিবন্ধন তথ্যব্যবস্থা (বিডিআরআইএস)-এর তথ্যের শুদ্ধতা নষ্ট করার অভিযোগে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও নিতে বলা হয়েছে।

এ ছাড়া সরকারি কর্মচারী হিসেবে দায়িত্ব পালনে অবহেলা ও অসদাচরণের অভিযোগে আবুল বাছেরের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। চিঠিটি মন্ত্রিপরিষদ বিভাগের (সমন্বয় ও সংস্কার) সচিব, লক্ষ্মীপুরের জেলা প্রশাসক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)সহ সাতটি দপ্তরে পাঠানো হয়েছে।

গত ২৭ আগস্ট জন্ম ও মৃত্যু নিবন্ধনের রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ে উপস্থিত হয়ে ঘটনার বিষয়ে লিখিত ব্যাখ্যা দেন আবুল বাছের। তিনি বলেন, ‘লক্ষ্য পূরণের অতিরিক্ত চাপে ২০২৫ সালের বিভিন্ন সময়ে ৭৪টি জন্ম ও মৃত্যু নিবন্ধন করেছি। ওই নিবন্ধনগুলো সঠিক নয়। তাই ওই নিবন্ধনগুলো বাতিল করার জন্য অনুরোধ জানাচ্ছি।’

চররমনী মোহন ইউনিয়ন পরিষদের প্রশাসক শুভ্রজিত রায় বলেন, ‘বাছের চররমনী মোহন ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা ছিলেন। এখন তিনি টুমচর ইউনিয়নে কর্মরত আছেন। তাঁর বিরুদ্ধে অভিযোগের বিষয়টি শুনেছি।’

লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা জানান, অভিযোগের বিষয়ে জন্ম ও মৃত্যু নিবন্ধনের রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ে বাছেরের লিখিত জবাব দেওয়ার কথা ছিল। তবে তিনি জবাব দিয়েছেন কিনা, তা জানা নেই। রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় থেকে তাদের কাছে কোনো চিঠি আসেনি।

ইউএনও জানান, আবুল বাছেরের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেবেন জেলা প্রশাসক। চিঠি এলে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত