জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

ও গণভোট

ক্লিক করুন

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে নির্বাচনে থাকছে না গণভোট: ইসি সচিব

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ১১ মার্চ ২০২৬, ১৮: ৫০
রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে কথা বলেন আখতার আহমেদ। ছবি: সংগৃহীত

আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিতব্য বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচনে গণভোট থাকছে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।

আজ বুধবার (১১ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান। তবে এই দুই আসনের নির্বাচনে পোস্টাল ভোট থাকবে।

আখতার আহমেদ বলেন, ‘বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচন আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোট গ্রহণ হবে। এখানে গণভোটের বিষয়টি আসবে না। বগুড়ার কনস্টিটিয়েন্সিতে গণভোট নেওয়া হয়েছে, কিন্তু শেরপুরের ক্ষেত্রে যে গণভোটের ভোট রয়েছে, সেটি নির্বাচনের গণভোটের ফলাফলকে কোনোভাবেই প্রভাবিত করতে পারবে না। সেজন্য আমরা সেখানে গণভোটের বিষয়টি বিবেচনায় আনছি না। কাজেই আমরা সরাসরিভাবে নির্বাচনের দিকেই যাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘জাতীয় নির্বাচন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছে, সে সময় যে ডেপ্লয়মেন্ট প্ল্যান ছিল, সেই পরিকল্পনার আওতায় আমরা এবারও কাজগুলো এগিয়ে নেব। শুধুমাত্র যেখানে কিছু ব্যতিক্রম করা হবে, তা হলো বাড়তি রিসোর্সের সমন্বয়। বিশেষ করে বডি-ওর্ন ক্যামেরা এবং সুরক্ষা অ্যাপের ব্যবহার কিছুটা বাড়ানো হবে। আগে হয়তো প্রতিটি কেন্দ্রে একটি করে বডি-ওর্ন ক্যামেরা ছিল, এবার প্রয়োজনে একাধিক থাকতে পারে। এটি নির্ভর করবে রিটার্নিং অফিসার বা সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী সেলের প্রয়োজনের ওপর। যদি তারা প্রয়োজন মনে করেন, তাহলে এটি বাড়ানো হবে।’

আইনশৃঙ্খলা বাহিনীর মোতায়েন নিয়ে জানতে চাইলে সচিব বলেন, ‘আমাদের আনসার বাহিনী এবারও আট দিনের জন্য মোতায়েন থাকবেন। এছাড়া বিজিবি, সেনাবাহিনীসহ অন্যান্য বাহিনী তাদের নির্ধারিত সময় অনুযায়ী মাঠে থাকবেন। ইতিমধ্যে মাঠে আমাদের ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটি এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের কাজ শুরু করেছে। এখন পর্যন্ত আমরা কোনো খারাপ, বিরক্তিকর বা আপত্তিকর তথ্য পাইনি। গতকাল পর্যন্ত রিটার্নিং অফিসারের কাছে যাদের প্রার্থিতা বা মনোনয়নপত্র বাতিল হয়েছে, তাদের আপিল দাখিল করার শেষ তারিখ ছিল। এখন পর্যন্ত আমরা কোনো আপিল পাইনি। অর্থাৎ বৈধতার বিষয়টি আমরা প্রত্যাহারের পর বলতে পারব যে কোন আসনে কতজন প্রার্থী রয়েছেন।’

পোস্টাল ব্যালটের ভোট প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘এখানে প্রবাসীদের ভোটও অন্তর্ভুক্ত রয়েছে। ওসিভি এবং আইসিভি দুটোরই ব্যবস্থা রাখা হয়েছে। প্রবাসীদের ওসিভি ব্যালট আগামীকাল থেকে পাঠানো শুরু হবে এবং নির্ধারিত সময়সীমার মধ্যে আমরা সেগুলো পেয়ে যাব ইনশাআল্লাহ। আর আইসিভি ভোটটি আমরা একটু পরে, অর্থাৎ ২৩ ও ২৪ মার্চ থেকে শুরু করব।’

তিনি আরও বলেন, ‘গতবারও (জাতীয় নির্বাচনের সময়) আমরা তিনটি বিষয়ের ওপর জোর দিয়েছিলাম—কমান্ড, কন্ট্রোল এবং কোঅর্ডিনেশন। এই তিনটি বিষয় আমাদের ভালো ফলাফল দিয়েছে। তাই এবারও আমরা একই পদ্ধতিতে এগোব।’

আখতার আহমেদ বলেন, ‘এখন পর্যন্ত আমরা যেসব তথ্য পেয়েছি তাতে কোনো ধরনের থ্রেট বা ঝুঁকির তথ্য নেই। আমরা আশা করি একটি ভালো নির্বাচনের পর এই দুটি আসনের নির্বাচনও আরও ভালোভাবে সম্পন্ন হবে। এটাই সবার প্রত্যাশা। তাই আমাদের দিক থেকে এখন পর্যন্ত কোনো সমস্যা নেই। তবে আমরা সজাগ আছি এবং সজাগ থাকব।’

ইসি সচিব বলেন, ‘এই নির্বাচনে কেন্দ্রভিত্তিক ভিডিও ফুটেজ সংরক্ষণের ব্যবস্থাও রাখা হবে, যাতে ভবিষ্যতে কোনো বিষয়ে পর্যালোচনা বা তদন্তের প্রয়োজন হলে তা করা যায়।’

ফলাফল প্রকাশ নিয়ে আখতার আহমেদ বলেন, ‘আমাদের রেজাল্ট ম্যানেজমেন্ট সিস্টেমও আগের মতোই থাকবে। তবে এবার আসনের সংখ্যা মাত্র দুটি। একটি কনস্টিটিয়েন্সিতে কেন্দ্রের সংখ্যা ১৫০, আরেকটিতে কিছু কম। তাই আমার মনে হয় না যে ফলাফল প্রকাশে খুব বেশি দেরি হবে। এবার যেহেতু গণভোটের বিষয়টি নেই, কিন্তু পোস্টাল ভোট রয়েছে, তাই পোস্টাল ভোট যত দ্রুত নিশ্চিত করা যাবে, তত দ্রুত ফলাফলও প্রকাশ করা সম্ভব হবে।’

সর্বাধিক পঠিত

সম্পর্কিত