চট্টগ্রাম নগরীতে সন্ত্রাসী আলমগীর গ্রেপ্তার, ছুরিকাহত দুই এসআই

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
চট্টগ্রাম

প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ১৬: ০২
চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানা এলাকায় শনিবার রাতে পুলিশের অভিযান। স্ট্রিম ছবি

চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার সহযোগীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন দুই উপপরিদর্শক (এসআই)। এছাড়া রেললাইনের পাথর ছুড়ে মারায় আরও ৩-৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন।

শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ৭টা থেকে প্রায় দুঘণ্টা ধরে নগরীর ডবলমুরিং থানা এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় আলমগীরের পালিয়ে যাওয়া সহযোগীদের আটকে রাতে বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়েছে। রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) সহকারী পুলিশ কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ এসব তথ্য নিশ্চিত করেন।

ছুরিকাঘাতে আহত দুই পুলিশ সদস্য হলেন ডবলমুরিং থানার এসআই মুবিনুল ইসলাম ও মহসিন উদ্দিন রুবেল। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, তাদের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তাঁদের মধ্যে এসআই মুবিনুলের অবস্থা গুরুতর।

আলমগীরের বিরুদ্ধে চট্টগ্রাম নগরীর বিভিন্ন থানার ১৭টি মামলার আসামি। তিনি পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ ও মাদক কারবারি।

স্থানীয়দের তথ্য অনুযায়ী, রাত বাড়ার সঙ্গে সঙ্গে গোয়েন্দা (ডিবি) ও থানা-পুলিশের অতিরিক্ত সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে অভিযানে যোগ দেন। একপর্যায়ে তারা নগরীর খুলশী থানার ঝাউতলা-সংলগ্ন রেল কলোনি এলাকা ঘিরে ফেলে। অভিযানে দেড় শতাধিক পুলিশ সদস্য অংশ নেন। রাতে রেল কলোনি এলাকায় গিয়ে পুলিশের কড়া অবস্থান ও টহল দিতে দেখা যায়।

সিএমপির সহকারী পুলিশ কমিশনার আমিনুর রশিদ বলেন, এসআই মুবিনুল অভিযানের সময় আলমগীরকে আটক করলে তাকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে তার সহযোগীরা। এ সময় তারা মুবিনুলকে ছুরিকাঘাত করে। তাকে উদ্ধার করতে এগিয়ে গেলে এসআই রুবেলও ছুরিকাহত হন। শেষ পর্যন্ত আলমগীরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ। তার সহযোগীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে, অভিযানে থাকা পুলিশ সদস্যদের লক্ষ্য করে আলমগীরের সহযোগীরা রেললাইনের পাথর ছুড়ে মারলে আরও তিন থেকে চারজন পুলিশ সদস্য আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে চমেক হাসপাতাল সূত্রে জানা গেছে।

সিএমপি অতিরিক্ত উপকমিশনার (পশ্চিম) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বলেন, খুলশী ও ডবলমুরিং থানা পুলিশের সদস্যরা যৌথভাবে অভিযান পরিচালনা করেন। গ্রেপ্তার হওয়া আলমগীরের সহযোগীদের আটকে অভিযান অব্যাহত রয়েছে। অভিযানের বিষয়ে পরে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হবে।

তবে আজ রোববার বেলা ৪টার পর্যন্ত ওই বিষয়ে বিস্তারিত তথ্য সাংবাদিকদের জানানো হয়।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত