ডেমরা ব্রিজে বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ১২: ১৭
সড়ক দুর্ঘটনা। প্রতীকী ছবি

রাজধানীর ডেমরা থানাধীন স্টাফ কোয়ার্টার সংলগ্ন ডেমরা ব্রিজের ওপর বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ জাহাঙ্গীর আলম (৫৫) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় আরও এক যাত্রী গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

গতকাল সোমবার (২৭ এপ্রিল) দিবাগত রাত ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর আলম নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার মৈকুলি এলাকার নিজাম উদ্দিনের ছেলে।

দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী ও লেগুনা যাত্রী দিপু জানান, ডেমরা ব্রিজের ওপর দ্রুতগামী একটি বাসের সঙ্গে তাদের লেগুনাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লেগুনার ভেতরে থাকা দুই যাত্রী গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। রাত সোয়া ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক জাহাঙ্গীর আলমকে মৃত ঘোষণা করেন।

হাসপাতাল সূত্র জানায়, দুর্ঘটনায় আহত অজ্ঞাতনামা (৪০) এক ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসেক) ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত তাঁর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট ডেমরা থানাকে অবগত করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত