আবার চালু হবে বরেন্দ্র প্রকল্প, সেচ ব্যবস্থা নিয়ে ব্যাপক কর্মপরিকল্পনা

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

বরেন্দ্র অঞ্চলে সেচ ব্যবস্থা নিয়ে নেওয়া হয়ে বিশদ কর্মপরিকল্পনা। সংগৃহীত ছবি

বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের রাজশাহী ও রংপুর বিভাগে কৃষির উন্নয়ন ও উৎপাদন বাড়ানোর লক্ষ্যে ‘বরেন্দ্র প্রকল্প’ আবার চালু করবে সরকার। নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আগামী ৫ বছরে কৃষি মন্ত্রণালয়ের কর্মপরিকল্পনার নথিতে এ তথ্য পাওয়া পাওয়া গেছে।

কৃষি মন্ত্রণালয়ের কর্মপরিকল্পনার নথিতে বলা হয়েছে, বরেন্দ্র প্রকল্প আবার চালু করা হলে এবং খাল খনন ও পুকুর খননের মাধ্যমে সেচ সুবিধা নিশ্চিতকরণের মাধ্যমে এ অঞ্চলে কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে। এছাড়াও বৃষ্টির পানি সংরক্ষণ, প্রাকৃতিক পানি প্রবাহ পুনরুদ্ধার ও দক্ষ সেচ ব্যবস্থার উন্নয়ন ও বিদ্যুৎশক্তি সাশ্রয় হবে।

আগামী ৫ বছরের কর্মপরিকল্পনার নথির তথ্য অনুযায়ী, বরেন্দ্র অঞ্চলে সেচ মালামাল ও বীজ সংরক্ষণাগার নির্মাণ করা হবে ছয়টি। বিদ্যুৎ বা সৌরশক্তিচালিত লো-লিফট পাম্প (এলএলপি) স্থাপন করা হবে ৫ হাজারটি।

এই পরিকল্পনার আওতায়, রাজশাহী ও রংপুর বিভাগে সেচ এলাকা সম্প্রসারণের জন্য ২ হাজারটি ফোর্স মোড পাম্প স্থাপন করা হবে। এছাড়াও এই এলাকার চরাঞ্চলে সৌরশক্তিচালিত সেচযন্ত্র স্থাপন করা হবে ১ হাজার ২০০টি, সেচযন্ত্র পুনর্বাসন করা হবে ২ হাজারটি, পাম্পঘর পুনর্নির্মাণ করা হবে ৩ হাজার ২০০টি এবং পাম্পঘর মেরামত করা হবে ২ হাজার ৫০০টি।

এছাড়া ভূ-গর্ভস্থ পাইপলাইন সম্প্রসারণ করা হবে ৬ হাজার কিলোমিটার, ভূ-গর্ভস্থ পাইপলাইন নির্মাণ করা হবে ৮ হাজার ৫০০ কিলোমিটার, ভূ-গর্ভস্থ পাইপলাইন মেরামত করা হবে ২ হাজার ৫০০টি, বীজ উৎপাদন করা হবে ১২ হাজার মেট্রিকটন এবং সেচের গভীর নলকূপ হতে বিশুদ্ধ পানি সরবরাহ করা হবে ৫৫০টি স্থাপনাতে।

এই সময়ে বরেন্দ্র অঞ্চলে খাল পুনর্খনন করা হবে ২ হাজার ৭০০ কিলোমিটার। পুনখননকৃত এই খালে পানি সংরক্ষণের জন্য ২৩০টি হাইড্রোলিক এলিভেটেড ড্যামও নির্মাণ করা হবে। এছাড়া পুনর্খননকৃত খালের পাড়ে শস্য পারাপরের জন্য ১ হাজার ৩৫০টি ফুটওভার ব্রিজ, খালে পানি প্রবেশের জন্য ১ হাজার ৩৫০টি কালভার্ট এবং খালের পাড় সংরক্ষণের জন্য ১৫০ কিলোমিটার রিটেনিং ওয়ালও নির্মাণ করা হবে।

এছাড়াও এ অঞ্চলে ২ হাজার ৪৫০টি জলাধার উন্নয়ন, ৪৭টি বিল পুনর্খনন ও পাইপলাইন নির্মাণের মাধ্যমে জলাবদ্ধতা অপসারণ করে ১৩ হাজার ৫০০ হেক্টর ফসলি জমি পুনরুদ্ধার করা হবে বলে কর্মপরিকল্পনার নথিতে বলা হয়েছে।

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আগামী অর্থ বছরব্যাপী (২০২৬-২৭) কৃষি মন্ত্রণালয়ের কর্মপরিকল্পনার নথিতে বরেন্দ্র প্রকল্প আবার চালু করার জন্য ৫৭৮ কোটি টাকা ব্যয়ে দুটি সেচ মালামাল ও বীজ সংরক্ষণাগার নির্মাণ, ১৫০টি বিদ্যুৎ বা সৌরশক্তিচালিত লো-লিফট পাম্প (এলএলপি) স্থাপন , চরাঞ্চলে ২৫০টি সৌরশক্তিচালিত সেচযন্ত্র স্থাপন, ২৫০ পাম্পঘর পুনর্নির্মাণ, ২৫০ পাম্পঘর মেরামত, ৫০০ কিমি ভূ-গর্ভস্থ পাইপলাইন সম্প্রসারণ, ৬০০ কিলোমিটার ভূ-গর্ভস্থ পাইপলাইন নির্মাণ, ১০০টি, ভূ-গর্ভস্থ পাইপলাইন মেরামত এবং ১ হাজার টন বীজ উৎপাদন ও বিপণন করা হবে বলে পরিকল্পনাও উল্লেখ করা হয়েছে।

এছাড়াও ২০ দশমকি ৫ কিলোমিটার খাল খনন বা পুনর্খনন করা; দুটি বিল পুনর্খনন করা; ৫০টি জলাধার উন্নয়ন (পুকুর বা দিঘি পুনর্খনন করা; খালের পাড়ে একটি ফুটওভার ব্রিজ নির্মাণ এবং পাঁচটি সাব-মার্জড ওয়্যার নির্মাণ সম্পন্ন করার পরিকল্পনাও রয়েছে সরকারের।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কৃষিতত্ত্ব ও কৃষি সম্প্রসারণ বিভাগের অধ্যাপক ড. এম আমিনুল হক বলেন, ‘এই অঞ্চলের উন্নয়নের জন্য যে পদক্ষেপগুলো, এগুলো যদি সঠিকভাবে বাস্তবায়ন করা যায় তাহলে এটা অবশ্যই উপকৃত হবে এই অঞ্চলের জনগোষ্ঠী। এখন যে প্যাটার্নে আঙুর থেকে শুরু করে শাকসবজি চাষাবাদ হচ্ছে, এটা আরও বৃদ্ধি পাবে।’

সম্পর্কিত