আগামী মার্চের মধ্যে পদ্মা ব্যারেজের কাজ উদ্বোধন: পানিসম্পদমন্ত্রী

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
রাজবাড়ী

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৬, ১৬: ০৫
পদ্মা ব্যারেজ প্রকল্পের প্রস্তাবিত স্থান পরিদর্শনকালে সাংবাদিকদের সাথে কথা বলছেন পানিসম্পদ মন্ত্রী। ছবি: সংগৃহীত
পদ্মা ব্যারেজ প্রকল্পের প্রস্তাবিত স্থান পরিদর্শনকালে সাংবাদিকদের সাথে কথা বলছেন পানিসম্পদ মন্ত্রী। ছবি: সংগৃহীত

আগামী বছরের মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্পের নির্মাণকাজ উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুরে প্রকল্পের প্রস্তাবিত স্থান পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘আগামী জানুয়ারি থেকে মার্চের মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা ব্যারেজ প্রকল্প উদ্বোধন করবেন।’ প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশের ২৪ জেলার অন্তত ৭ কোটি মানুষ সুবিধা পাবেন বলেও জানান তিনি।

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, ফারাক্কা বাঁধের কারণে শুষ্ক মৌসুমে পদ্মার পানিপ্রবাহ মারাত্মকভাবে কমে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, মৎস্য ও জীববৈচিত্র্যের যে ক্ষতি হচ্ছে, তা কাটিয়ে উঠতেই এই বাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

পরে হাবাসপুর কেরাজ উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় অংশ নেন তারা। এ সময় উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য হারুন-অর রশিদসহ স্থানীয় নেতারা।

এর আগে ১৩ মে একনেকে পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদন দেওয়া হয়। সম্পূর্ণ সরকারি অর্থায়নে ৩৪ হাজার ৪৯৭ কোটি ২৫ লাখ টাকার এই বাঁধ নির্মাণের সময় ধরা হয়েছে চলতি বছরের জুলাই থেকে ২০৩৩ সালের জুন পর্যন্ত। বাঁধটির মাধ্যমে ২৯০ কোটি ঘনমিটার পানি সংরক্ষণের পাশাপাশি ১১৩ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার দুটি জলবিদ্যুৎকেন্দ্র নির্মাণেরও পরিকল্পনা রয়েছে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত