দিনাজপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে যাত্রীবাহী বাসের ধাক্কা, নিহত ২

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
দিনাজপুর

দুর্ঘটনার শিকার বাস ও ট্রাক

দিনাজপুরের বিরামপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছে অন্তত আটজন। রোববার (২৯ মার্চ) ভোর সোয়া ৫টার দিকে বিরামপুর উপজেলার পলিপ্ররাগপুর ইউনিয়নের চন্ডিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন, মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার রাঢ়িখাল এলাকার খবির উদ্দিনের ছেলে মোশারফ হোসেন বাবু (৫৮) ও বাসের হেলপার দিনাজপুরের কাহারোল উপজেলার বাসিন্দা আব্দুল আজিজ (২৫)।

বিরামপুর থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি পাথরবাহী ট্রাককে পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘হেরিটেজ ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের’ একটি যাত্রীবাহী স্লিপার বাস সজোরে ধাক্কা দেয়। এতে বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই বাসের হেলপারসহ এক যাত্রীর মৃত্যু হয়।

দুর্ঘটনায় দুজন নিহতের তথ্য নিশ্চিত করে বিরামপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সাব অফিসার আব্দুল আজিজ জানান, ভোর ৫টা ২৭ মিনিটে দুর্ঘটনার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছাই। সেখান থেকে দুজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। অল্প সময়ের মধ্যে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে।

বিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান জানান, সকালে সড়ক দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতরা বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এবিষয়ে আইনি কার্যক্রম চলমান রয়েছে।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত