মডেল পিয়া জান্নাতুলের নিরাপত্তা জিডি তদন্তের নির্দেশ

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ২৭ জুলাই ২০২৬, ২২: ০০
মডেল ও আইনজীবী জান্নাতুল ফেরদৌস পিয়া। ফেসবুক থেকে নেওয়া ছবি

নিরাপত্তা চেয়ে মডেল ও আইনজীবী জান্নাতুল ফেরদৌস পিয়ার করা সাধারণ ডায়েরি (জিডি) তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (২৭ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালত বনানী থানাকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

বিষয়টি নিশ্চিত করে প্রসিকিউশন বিভাগের এসআই মোস্তফা কামাল জানান, জিডির তদন্তের অনুমতি-সংক্রান্ত শুনানিতে পিয়া জান্নাতুল নিজেই উপস্থিত ছিলেন। শুনানি শেষে আদালত বনানী থানাকে জিডির তদন্ত করে প্রতিবেদন জমার নির্দেশ দেন।

এর আগে গত ৮ জুলাই বনানী থানায় করা জিডিতে পিয়া জান্নাতুল উল্লেখ করেন, তিনি অতীতে বা বর্তমানে কোনো রাজনৈতিক দলের সঙ্গে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে সম্পৃক্ত নন। সম্প্রতি এক নারীর নিরাপত্তা ও ন্যায়বিচারের পক্ষে অবস্থান নেওয়ার পর থেকে সামাজিক মাধ্যমে তাঁকে হুমকি, ভয়ভীতি ও আপত্তিকর বার্তা পাঠানো হচ্ছে। পাশাপাশি অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের কাছ থেকে হুমকিমূলক ফোনকলও পাচ্ছেন।

জিডিতে আরও বলা হয়, গত প্রায় তিন মাস ধরে কয়েকজন অজ্ঞাত ব্যক্তি বিভিন্ন স্থানে তাঁকে অনুসরণ করছে বলে লক্ষ করছেন পিয়া জান্নাতুল। এসব ঘটনায় তিনি ও তাঁর পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং যেকোনো সময় অনাকাঙ্ক্ষিত ঘটনার আশঙ্কা করছেন। নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং পুলিশি সুরক্ষার জন্য জিডি করেছেন তিনি।

Ad 300x250

সম্পর্কিত