চট্টগ্রামে ওয়াসিমসহ ৬ জনকে হত্যা: হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগ

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৬, ১৩: ০৬
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সংগৃহীত ছবি

জুলাই আন্দোলন চলাকালে চট্টগ্রামে ছাত্রদল নেতা ওয়াসিমসহ ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় হাছান মাহমুদ, মহিবুল হাসান চৌধুরী নওফেল ও ফজলে করিম চৌধুরীসহ ২২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন।

রোববার (৫ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর রেজিস্ট্রারের কাছে এই অভিযোগ জমা দেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন প্রসিকিউটর জহিরুল আমিন ও তদন্ত কর্মকর্তা আমিনুর রশিদ।

অভিযুক্ত অন্য আসামিরা হলেন: চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আ জ ম নাসির উদ্দীন, রেজাউল করিম, মহিউদ্দিন বাচ্চু, হেলাল আকবর, নুরুল আজিম রনি, শৈবাল দাশ সুমন, মোহাম্মদ ফিরোজ, আবু ছালেক, এসবারুল হক, এইচএম মিঠু, নূর মোস্তফা টিনু, দেবাশীষ পাল দেবু, জমির উদ্দিন, আজিজুর রহমান, ইমরান হাসান মাহমুদ, জাকারিয়া দস্তগীর, মহিউদ্দিন ফরহাদ, সুমন দে ও তৌহিদুল ইসলাম।

প্রসিকিউশন জানিয়েছেন, আসামিরা সবাই আওয়ামী লীগ বা দলটির সহযোগী অঙ্গসংগঠনের রাজনীতির সঙ্গে জড়িত।

ট্রাইব্যুনাল সূত্রে জানা যায়, এ মামলায় আগামী ১২ এপ্রিল তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে এর আগেই তদন্ত সংস্থা চিফ প্রসিকিউটরের কাছে প্রতিবেদন জমা দেয়। এরপর আইনি যাচাই-বাছাই শেষে রোববার ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন।

শিগগিরই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এই অভিযোগের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে।

অভিযুক্ত ২২ জনের মধ্যে চট্টগ্রামের রাউজানের সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীকে আগেই অন্য মামলায় গ্রেপ্তার করা হয়েছিল। পরবর্তীতে গত ৫ ফেব্রুয়ারি তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

সম্পর্কিত