বিএনপি যা বলে, তা করে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
কক্সবাজার

প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬, ২০: ০৫
কক্সবাজারে কৃষি কার্ড বিতরণ অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। স্ট্রিম ছবি

ভোটের কালি শুকানোর আগেই বিএনপি জনগণকে দেওয়া প্রতিশ্রুতির বাস্তবায়ন শুরু করেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, বিএনপি যা বলে, তা করে। কৃষকদের উন্নয়নে কৃষি কার্ডের উদ্যোগ ঐতিহাসিক।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে কক্সবাজারের টেকনাফ এজাহার সরকারি উচ্চ বিদ্যালয়ে কৃষি কার্ড বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। অনুষ্ঠানে টাঙ্গাইল থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কৃষি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

টেকনাফসহ দেশের ঝুঁকিপূর্ণ এলাকায় মানবপাচার ও মাদক নিয়ন্ত্রণে শিগগির বিশেষ অভিযান চালানো হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, মাদক এখন ভয়াবহ সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। যুবসমাজকে মারাত্মকভাবে বিপথগামী করছে। এ কারণে সরকার কঠোর অবস্থান নিয়েছে এবং সমন্বিত পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে।

অনলাইন জুয়ার বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করে সালাহউদ্দিন আহমদ বলেন, অনলাইন জুয়া উদ্বেগজনক হারে ছড়িয়ে পড়ছে, যা সমাজে নেতিবাচক প্রভাব ফেলছে। এসব অবৈধ কার্যক্রম বন্ধে সরকার ইতোমধ্যে গবেষণা কার্যক্রম শুরু করেছে, যাতে বাস্তবসম্মত ও টেকসই সমাধান বের করা যায়।

তিনি বলেন, টেকনাফ, উখিয়া ও কক্সবাজারের কিছু এলাকা মানবপাচারের ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে। এসব এলাকায় মানবপাচার রোধে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। যেসব পয়েন্ট ব্যবহার করে এসব অপরাধ সংঘটিত হয়, সেগুলো চিহ্নিত করে পরিকল্পিতভাবে অভিযান চালানো হবে।

অনুষ্ঠানে কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আলমগীর মো. মাহফুজ উল্লাহ ফরিদ, কক্সবাজার-৩ আসনের লুৎফুর রহমান কাজল, কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, জেলা প্রশাসক আবদুল মান্নান, পুলিশ সুপার সাজেদুর রহমান, বিজিবির রামু সেক্টর কমান্ডার কর্নেল মহিউদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

টেকনাফ স্থলবন্দর পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। স্ট্রিম ছবি
টেকনাফ স্থলবন্দর পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। স্ট্রিম ছবি

এর আগে সকাল সাড়ে ৯টার দিকে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বন্দরের জেটিঘাট ঘুরে দেখার পাশাপাশি বন্দরের গুদাম, প্রশাসনিক ভবনসহ বিভিন্ন স্থাপনা পর্যবেক্ষণ করেন। একপর্যায়ে বন্দর ভবনের ওপর থেকে নাফ নদীর জলসীমা দেখেন।

স্থলবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ইউনাইটেড ল্যান্ড পোর্ট লিমিটেডের মহাব্যবস্থাপক (হিসাব) মোহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী জানান, স্বরাষ্ট্রমন্ত্রীকে বন্দরের সার্বিক কার্যক্রম জানানো হয়েছে। একইসঙ্গে মিয়ানমারের অভ্যন্তরীণ সংকটের কারণে দীর্ঘদিন বন্দরের কার্যক্রম স্থবির হওয়ার বিষয় তুলে ধরা হয়।

সর্বাধিক পঠিত

সম্পর্কিত