বঙ্গোপসাগরে লঘুচাপ, বিপাকে পর্যটক

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
কক্সবাজার

প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬, ২০: ২৫
কক্সবাজারে বৈরী আবহাওয়া বিরাজ করছে। সংগৃহীত ছবি

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে কক্সবাজারে বৈরী আবহাওয়া বিরাজ করছে। দুদিন ধরে সুর্যের দেখা নেই। মঙ্গলবার থেকে কখনো গুঁড়ি গুঁড়ি, কখনও ভারী বৃষ্টিপাত হচ্ছে। বুধবার দুপুরের পর থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে। পাশাপাশি সমুদ্র উপকূলে ঝোড়ো হাওয়া বইছে।

মঙ্গলবার কক্সবাজার সদরের চৌফলদণ্ডীতে বজ্রপাতে রমিজ উদ্দিন (৪৫) নামের এক লবণচাষি এবং রামু উপজেলার ঈদগড়ে ঝোড়ো হাওয়ায় গাছ চাপা পড়ে মাইমুনা বেগম (১৯) নামের এক অন্তঃসত্ত্বার মৃত্যু হয়েছে।

এ দিকে বৃষ্টিতে কক্সবাজার উপকূলের লবণ উৎপাদন বন্ধ হয়ে গেছে। জেলার সাত উপজেলার অন্তত ৬০ হাজার একর জমিতে লবণ চাষ হচ্ছে। চাষিরা বলছেন, সোমবার থেকে বৈরি আবহাওয়ার কারণে তারা মাঠে নামতে পারছেন না। অনেক জায়গায় লবণ ভিজে গলে গেছে বলে জানিয়েছেন চাষিরা।

আবহাওয়া অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের সহকারী আবহাওয়াবিদ এ বি হান্নান জানান, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর ফলে কক্সবাজারসহ চার সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

কক্সবাজারে বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘন্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে জানিয়ে এ বি হান্নান বলেন, আগামী তিন-চারদিন ভারী বৃষ্টি ও বজ্রমেঘ অব্যাহত থাকবে। অতি ভারী বর্ষণের কারণে কক্সবাজার ও চট্টগ্রাম অঞ্চলের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধস হতে পারে।

বৈরি আবহাওয়ায় বিপাকে পর্যটক

আবহাওয়ার এই বৈরি পরিবেশে কক্সবাজার সমুদ্রসৈকতে বেড়াতে আসা পর্যটকেরা বিপাকে পড়েছেন। অনেকেই হোটেল কক্ষে বন্দী রয়েছে। আবার কেউ কেউ ঝড়-ঝাপটা মাথায় করে সমুদ্র দর্শনে ব্যস্ত সময় পার করছেন।

লঘুচাপের প্রভাবে দুইদিন সাগর বেশ উত্তাল রয়েছে। এ কারণে মঙ্গলবার সকাল থেকে সৈকতের লাবণি, সুগন্ধা ও কলাতলী পয়েন্টে পর্যটকদের গোসলে নামতে সতর্ক করছে সৈকতে নিরাপত্তার দায়িত্বে থাকা লাইফগার্ড, বিচকর্মী ও ট্যুরিস্ট পুলিশের সদস্যরা।

ইনানী সৈকতের দায়িত্বে থাকা জেলা প্রশাসনের বিচকর্মীদের সহকারী সুপারভাইজার বেলাল হোসেন জানান, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জারি থাকায় পর্যটকদের গোসলে নামা থেকে বিরত থাকতে অনুরোধ করা হচ্ছে।

সি সেফ লাইফগার্ডের সুপারভাইজার ওসমান গনি বলেন, দুদিন ধরে সাগর উত্তাল রয়েছে। এ কারণে পর্যটকদের গোসলে নামতে নিরুৎসাহিত করা হচ্ছে। এর মধ্যে কেউ কেউ সতর্কতা না মেনে গোসলে নামছেন।

কক্সবাজার হোটেল মালিক সমিতির দেওয়া তথ্য মতে, কক্সবাজারে বর্তমানে ৩৫ থেকে ৪০ হাজার পর্যটক অবস্থান করছে। কিন্তু বৈরী আবহাওয়া বিরাজ করলে পর্যটকের সংখ্যা হ্রাস পাবে।

সর্বাধিক পঠিত

সম্পর্কিত