স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে যা লিখলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে লিখছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। ছবি: সংগৃহীত

সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রোববার (২৬ জুলাই) শ্রদ্ধা নিবেদন করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

পরিদর্শন বইয়ে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি যা লিখেছেন, হুবহু তা এখানে তুলে ধরা হলো:

‘বিসমিল্লাহির রাহমানির রাহিম

জাতীয় স্মৃতিসৌধে এসে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। তাঁদের সর্বোচ্চ ত্যাগ ও অসীম দেশপ্রেমের বিনিময়ে আমরা স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ লাভ করেছি। এই পবিত্র স্মৃতিসৌধ আমাদের জাতির গৌরব, আত্মত্যাগ, ঐক্য এবং দেশপ্রেমের চিরন্তন প্রতীক। আমি স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি।

মহান মুক্তিযুদ্ধের চেতনা, সংবিধানের আদর্শ এবং আমাদের মহান শহীদদের আত্মত্যাগের মর্যাদা সমুন্নত রেখে একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধ, ন্যায়ভিত্তিক ও উন্নত বাংলাদেশ বিনির্মাণে আমরা সচেষ্টভাবে কাজ করব এই প্রত্যাশা ব্যক্ত করছি।

মহান আল্লাহ তাআলা আমাদের বীর শহীদদের আত্মাকে মাগফিরাত দান করুন এবং প্রিয় মাতৃভূমি বাংলাদেশের অব্যাহত শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ দান করুন।

বাংলাদেশ জিন্দাবাদ।’

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সকাল ১১টা ৩২ মিনিটে স্মৃতিসৌধ প্রাঙ্গণে প্রবেশ করেন। ১১টা ৩৮ মিনিটে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান। আনুষ্ঠানিকতা শেষে ১১টা ৪৬ মিনিটে তিনি স্মৃতিসৌধ প্রাঙ্গণ ত্যাগ করেন।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত