কক্সবাজারে ডাকাতির সময় মা-মেয়েকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৬

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
চকরিয়া (কক্সবাজার)

কক্সবাজারের মাতামুহুরি উপজেলায় এক প্রবাসীর বাড়িতে জানালার গ্রিল কেটে ঢুকে ডাকাতেরা। স্ট্রিম ছবি

কক্সবাজারের নবগঠিত মাতামুহুরী উপজেলায় এক প্রবাসীর বাড়িতে ঢুকে মা (৪০) ও তাঁর মেয়েকে (১৫) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। আট-দশজনের একটি সশস্ত্র দল জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে ডাকাতি ও ধর্ষণের ঘটনা ঘটায়।

গতকাল সোমবার (৮ জুন) রাত আড়াইটা থেকে তিনটার মধ্যে উপজেলার পূর্ব বড়ভেওলা ইউনিয়নের একটি এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয়দের সহযোগিতায় অভিযান চালিয়ে আজ মঙ্গলবার (৯ জুন) সকালে ছয়জনকে আটক করেছে পুলিশ। তাঁদের মধ্যে নাম জানা পাঁচজন হলেন রেজাউল, মেহেদী, বাবু, কেফায়েত ও তানজিদ। তাঁরা উপজেলার পূর্ব বড়ভেওলা ইউনিয়ন এলাকার বাসিন্দা।

স্থানীয় লোকজন সূত্রে জানা গেছে, আট-দশজনের একটি সশস্ত্র ডাকাত দল ঘরের জানালার গ্রিল কেটে ভেতরে ঢুকে বাড়িতে থাকা টাকা, স্বর্ণালঙ্কারসহ মূল্যবান মালামাল লুট করে। একপর্যায়ে তারা গৃহবধূ ও তাঁর নবম শ্রেণিতে পড়ুয়া মেয়েকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে পালিয়ে যায়।

এদিকে খবর পেয়ে মাতামুহুরী তদন্ত কেন্দ্র ও চকরিয়া থানা পুলিশের একাধিক দল ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। পরে স্থানীয় লোকজন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এলাকা ঘিরে ফেলেন। আজ মঙ্গলবার ভোর থেকে সকাল পর্যন্ত অভিযানে ছয়জনকে আটক করা হয়।

ঘটনার পর গুরুতর আহত অবস্থায় মা ও মেয়েকে উদ্ধার করে প্রথমে চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেয় স্থানীয়রা। সেখানে তাঁদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ভুক্তভোগী স্কুলছাত্রীর মামা জানান, তাঁর বোনের অবস্থা আশঙ্কাজনক। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে চিকিৎসকেরা তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দিচ্ছেন।

মাতামুহুরী তদন্ত কেন্দ্রের পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।

এসব তথ্য নিশ্চিত করে মাতামুহুরী তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ মাসুদ বলেন, ভুক্তভোগীদের চিকিৎসা, ডাক্তারি পরীক্ষা ও প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার পর মামলার কার্যক্রম এগিয়ে নেওয়া হবে। তদন্তের স্বার্থে এ মুহূর্তে বিস্তারিত তথ্য প্রকাশ করা হচ্ছে না।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, ডাকাতি ও ধর্ষণের ঘটনায় আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত ছয়জনকে আটক করা হয়েছে। অধিকতর তদন্তে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানিয়েছেন।

সম্পর্কিত