ইসলামী ব্যাংকের এজেন্ট শাখায় কোটি টাকার হদিস নেই

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
গাইবান্ধা

গাইবান্ধার সাদুল্যাপুরে ধাপেরহাট ইসলামী ব্যাংক এজেন্ট শাখায় গ্রাহকদের ভিড়। ছবি: সংগৃহীত

গাইবান্ধার সাদুল্লাপুরে ইসলামী ব্যাংক এজেন্ট শাখায় গ্রাহকের কোটি টাকার হদিস মিলছে না। এতে গ্রাহকদের মাঝে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সোমবার (২৬ জুলাই) বিকেলে বিষয়টি জানাজানি হলে ওই এজেন্ট শাখার সামনে ভুক্তভোগীরা ভিড় করেন। তারা দ্রুত তদন্ত ও অর্থ ফেরতের দাবি জানান।

ভুক্তভোগীদের অভিযোগ, জমার রসিদ দেখালেও হিসাব বিবরণীতে সেই অর্থের কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। এতে গ্রাহকদের কোটি টাকার আমানত অনিশ্চয়তার মুখে পড়েছে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দারা সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষ, বাংলাদেশ ব্যাংক ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

ধাপেরহাট ইউনিয়নের সোলেমান সরকার বলেন, বিকেলে শোনার পর থেকেই ব্যাংকের সামনে অবস্থান করছি। প্রতিমাসে টাকা জমা রাখি, টাকা জমা দেওয়ার কাগজের সঙ্গে ব্যাংকের হিসাবের মিল নেই। অনেক গ্রাহকই এমন দেখছেন।

ঘটনার পর থেকে গ্রাহকদের মধ্যে উদ্বেগ বিরাজ করছে। অনেকেই তাদের টাকার নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। দ্রুত সুষ্ঠু তদন্ত করে দায়ীদের আইনের আওতায় আনা এবং ক্ষতিগ্রস্ত গ্রাহকদের অর্থ ফেরত দেওয়ার দাবি জানান ভুক্তভোগী গ্রাহকেরা।

নাম প্রকাশ না করার শর্তে ইসলামী ব্যাংক গাইবান্ধা শাখার এক কর্মকর্তা বলেন, বিষয়টি জানাজানির পর গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। প্রকৃত হিসাব যাচাই শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইসলামী ব্যাংক এজেন্ট ধাপেরহাট শাখার ম্যানেজার অলিউর রহমানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।

Ad 300x250

সম্পর্কিত