পার্বতীপুরে যুক্তরাষ্ট্রের তৈরি লোকোমোটিভ রক্ষণাবেক্ষণ কার্যক্রম ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬, ২০: ১৮
রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা পরিদর্শনে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। ছবি: সংগৃহীত
রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা পরিদর্শনে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। ছবি: সংগৃহীত

পার্বতীপুরে যুক্তরাষ্ট্রের তৈরি লোকোমোটিভ রক্ষণাবেক্ষণ কার্যক্রম ঘুরে দেখলেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিনাজপুরের পার্বতীপুরে বাংলাদেশ রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা (কেলোকা) পরিদর্শন করেন তিনি। সেখানে যুক্তরাষ্ট্রের তৈরি লোকোমোটিভের রক্ষণাবেক্ষণ কার্যক্রম ঘুরে দেখেন এবং ইঞ্জিনের কারিগরি দেখভালে নিয়োজিত বাংলাদেশি কর্মীদের সঙ্গে কথা বলেন।

মার্কিন দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রগ্রেস রেল নির্মিত এসব লোকোমোটিভ বর্তমানে দেশের বিভিন্ন রুটে যাত্রী ও পণ্য পরিবহনে ব্যবহৃত হচ্ছে।

কারখানা পরিদর্শন শেষে যাত্রীবাহী ট্রেনে করে পার্বতীপুর থেকে নীলফামারীর সৈয়দপুরে যান রাষ্ট্রদূত। এ সময় সাধারণ যাত্রীদের সঙ্গে কথা বলে তাদের ট্রেন ভ্রমণের অভিজ্ঞতা জানতে চান তিনি। পরে তিনি সৈয়দপুর রেলওয়ে কারখানা ও জাদুঘর পরিদর্শন করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ রেলওয়ে বর্তমানে প্রগ্রেস রেলের তৈরি ৪০টি লোকোমোটিভ ব্যবহার করছে। রাষ্ট্রদূতের মতে, এসব ইঞ্জিনের ক্রয় ও ব্যবহার প্রমাণ করে যে মার্কিন রফতানি পণ্য এবং প্রযুক্তি কীভাবে বাংলাদেশের অবকাঠামো ও উন্নয়নের অগ্রাধিকার অর্জনে সহায়তা করছে। এই সফর দুই দেশের মধ্যে বাণিজ্য ও কারিগরি সহযোগিতার দীর্ঘমেয়াদি সুফলগুলোই ফুটিয়ে তুলেছে।

মার্কিন দূতাবাসের মুখপাত্র পূর্ণিমা রাইয়ের পক্ষে পাঠানো বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উন্নত রেল যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে বাংলাদেশ সরকারের সঙ্গে বাণিজ্যিক ও কৌশলগত অংশীদারত্ব আরও গভীর করতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত