ad

এক যুগ পর বিশ্বকাপে আইভরি কোস্ট

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

স্ট্রিম গ্রাফিক

দিদিয়ের দ্রগবাদের স্বর্ণালি যুগের ১২ বছর পর আবারও বিশ্বকাপে ফিরছে আইভরি কোস্ট। ২০২৬ আসরে শক্তিশালী রক্ষণভাগের ওপর ভর করে প্রথমবারের মতো নকআউট পর্বে যাওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামবে পশ্চিম আফ্রিকার এই দেশটি।

‘দ্য এলিফ্যান্টস’ খ্যাত দলটি এ পর্যন্ত চারবার বিশ্বকাপে অংশ নিলেও কখনো নকআউট পর্বে পা রাখেনি। ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩৪তম অবস্থানে থাকা আইভরি কোস্ট এবার সেই ইতিহাস বদলাতে মরিয়া।

২০২৪ সালের ফেব্রুয়ারিতে দায়িত্ব নেওয়া স্বদেশি কোচ ইমার্স ফে-র অধীনে আইভরি কোস্ট দারুণ ফর্মে রয়েছে। বাছাইপর্বের ১০ ম্যাচে ৮ জয় এবং ২ ড্রতে ২৬ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সরাসরি বিশ্বকাপে এসেছে তারা। বাছাইপর্বে প্রতিপক্ষের জালে ২৫ গোল দিলেও নিজেদের জালে একবারও গোল ঢুকতে দেয়নি দলটি।

এবারের আসরে আইভরি কোস্ট লড়বে ভারসাম্যপূর্ণ ‘ই’ গ্রুপে। ১৫ জুন লাতিন আমেরিকার দেশ ইকুয়েডরের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বিশ্বকাপ অভিযান। এরপর ২১ জুন রাত ২টায় শক্তিশালী জার্মানি এবং ২৬ জুন রাত ২টায় কিউরাসাওর মুখোমুখি হবে তারা।

তরুণ তুর্কি আমাদ ডায়ালোর (বামে) এবং স্ট্রাইকার সেবাস্তিয়ান হেলার (ডানে)। ছবি: সংগৃহীত
তরুণ তুর্কি আমাদ ডায়ালোর (বামে) এবং স্ট্রাইকার সেবাস্তিয়ান হেলার (ডানে)। ছবি: সংগৃহীত

এবারের আসরে আইভরি কোস্টের ‘প্লেয়ার টু ওয়াচ’ হিসেবে থাকছেন তারকা স্ট্রাইকার সেবাস্তিয়ান হেলার। জাতীয় দলের হয়ে ইতোমধ্যে ১১ গোল করা এই খেলোয়াড় বর্তমানে ডাচ লিগে খেলছেন। এছাড়া রাইট উইংয়ে নজর থাকবে ম্যানচেস্টার ইউনাইটেডের তরুণ তুর্কি আমাদ ডায়ালোর ওপর।

বিশ্লেষকদের মতে, গ্রুপ ‘ই’-তে জার্মানি ফেবারিট হলেও নকআউটে যাওয়ার মূল লড়াই হবে আইভরি কোস্ট এবং ইকুয়েডরের মধ্যে। ১৫ জুন প্রথম ম্যাচে ইকুয়েডরের ম্যাচে এক পয়েন্ট ছিনিয়ে নিলে এবং শেষ ম্যাচে কিউরাসাওকে হারালে প্রথমবার শেষ ১৬-তে যাওয়ার গৌরব অর্জন করতে পারে পশ্চিম আফ্রিকার এই সিংহরা।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত