৬ লাখ কোটি টাকার রাজস্বের লক্ষ্যমাত্রা এনবিআরের

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ০৫ মে ২০২৬, ২২: ৫১
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। স্ট্রিম গ্রাফিক

২০২৬-২০২৭ অর্থবছরে ৬ লাখ ৪ হাজার কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ঠিক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। জানা গেছে, লক্ষ্যমাত্রা অর্জনে ব্যবসা প্রতিষ্ঠানের জন্য অনলাইন ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক করাসহ ভ্যাট রিফান্ড প্রক্রিয়া সহজ করার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।

এনবিআরের সূত্রমতে, বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার (বিন) বা ভ্যাট নিবন্ধনধারী প্রত্যেক প্রতিষ্ঠানকে অনলাইনের আওতায় আনা হলে কর ফাঁকি কমবে এবং সরকারের আয় বাড়বে।

ভ্যাট রিফান্ড প্রক্রিয়া সহজ করার বিষয়ে এনবিআরের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, অনলাইনে রিটার্ন জমার পাশাপাশি রিফান্ড পেতেও নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, ‘যেসব প্রতিষ্ঠান এনবিআর অনুমোদিত সফটওয়্যার ব্যবহার করে হিসাব সংরক্ষণ করবে, তারা সহজেই ভ্যাট রিফান্ড পাবে।’ এর ফলে ব্যবসায়ীদের হিসাব সংরক্ষণের ভোগান্তি পোহাতে হবে না এবং অডিট কার্যক্রম দ্রুত করা সম্ভব হবে বলেও জানান তিনি।

অন্যদিকে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পক্ষ থেকে সব ক্ষেত্রে ১৫ শতাংশের অভিন্ন ভ্যাট হার চালুর চাপ থাকলেও এখনই সে পথে হাঁটছে না এনবিআর। তবে রাজস্ব আয় বাড়াতে বিভিন্ন খাতে দেওয়া বিদ্যমান ভ্যাট অব্যাহতি সুবিধা বাতিল করার পরিকল্পনা রয়েছে সংস্থাটির।

জানা গেছে, আইএমএফের শর্তানুযায়ী আয়কর, শুল্ক ও ভ্যাট—এই তিন খাতের কর অব্যাহতি সুবিধা পর্যালোচনা করতে ইতিমধ্যে তিনটি আলাদা কমিটি গঠন করেছে এনবিআর। আগামী বাজেটের আগেই কমিটিগুলো তাদের প্রতিবেদন জমা দেবে। তাঁদের সুপারিশের ভিত্তিতে অনেক খাত ও প্রতিষ্ঠানের ভ্যাট অব্যাহতি বাতিল হতে পারে।

এতদিন ভ্যাটমুক্ত থাকা খাতগুলোতে কর আরোপ করা হলে স্বাভাবিকভাবেই রাজস্ব আয় বৃদ্ধি পাবে। এছাড়া রাজস্ব বাড়াতে নতুন খাত খোঁজা এবং ভ্যাট নিবন্ধনের পরিধি বাড়ানোর বিষয়টি আসন্ন বাজেটে বিশেষ গুরুত্ব পাচ্ছে বলেও এনবিআর সূত্রে জানা গেছে।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত