ভ্যাট ফাঁকি ঠেকাতে সব পণ্যে কিউআর কোড বসাবে এনবিআর

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ১৩: ৩২
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। স্ট্রিম গ্রাফিক

ভ্যাট ফাঁকি রোধ ও করের আওতা বাড়াতে দেশের বাজারে বিক্রি হওয়া সব পণ্যে পর্যায়ক্রমে ‘কিউআর কোড’ বা আধুনিক ডিজিটাল ট্র্যাকিং পদ্ধতি চালুর উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর ফলে উৎপাদন পর্যায় থেকেই প্রতিটি পণ্যের তথ্য এনবিআরের কেন্দ্রীয় সার্ভারে যুক্ত হবে, যা দিয়ে মাঠপর্যায়ে সহজেই পণ্যের কর পরিশোধের বিষয়টি যাচাই করা যাবে।

শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর ভবনে ২০২৬–২০২৭ অর্থবছরের বাজেট প্রস্তাবনা অনুষ্ঠানে সংস্থার চেয়ারম্যান আবদুর রহমান খান এই পরিকল্পনার কথা জানান। অনুষ্ঠানে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) সভাপতি কামরান টি রহমানসহ সংশ্লিষ্ট ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

এনবিআর চেয়ারম্যান বলেন, ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে বিশ্বের অনেক দেশ রাজস্ব আদায়ে বৈপ্লবিক সাফল্য পেয়েছে। বাংলাদেশে এই কিউআর কোড ব্যবস্থা চালু হলে কর কর্মকর্তাদের পাশাপাশি সাধারণ ক্রেতারাও স্ক্যান করে জানতে পারবেন পণ্যটি বৈধভাবে উৎপাদিত কিনা এবং এর ভ্যাট দেওয়া হয়েছে কিনা। স্ক্যান করার পর কোনো অনিয়ম বা জালিয়াতি ধরা পড়লে সাধারণ মানুষও তাৎক্ষণিকভাবে সিস্টেমে রিপোর্ট করতে পারবেন। অভিযোগ প্রমাণিত হলে তথ্যদাতাকে পুরস্কৃত করা হবে এবং জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

তিনি জানান, রাজস্ব ফাঁকির প্রবণতা সবচেয়ে বেশি থাকায় প্রাথমিকভাবে তামাক খাত দিয়ে এই প্রযুক্তির ব্যবহার শুরু হবে। তামাকজাত পণ্যের মোড়কে ব্যবহৃত ব্যান্ডরোলের নকশা ও আঠার ধরন পরিবর্তনের পাশাপাশি উন্নতমানের কিউআর কোড বসানোর পরিকল্পনা করা হয়েছে। এর মাধ্যমে উৎপাদন থেকে বিপণন পর্যন্ত পুরো চেইন কঠোর নজরদারিতে আসবে।

পরবর্তী ধাপে বোতলজাত পানীয় এবং ধীরে ধীরে সাবান, শ্যাম্পু, টিস্যুসহ সব ধরনের নিত্যপ্রয়োজনীয় পণ্যে এই প্রযুক্তি সম্প্রসারণ করা হবে জানিয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, অনেক উৎপাদনকারী প্রতিষ্ঠান নিজেদের সুবিধার্থে আগে থেকেই বিভিন্ন কোড ব্যবহার করে আসছে। তাই জাতীয় পর্যায়ে এই ব্যবস্থা চালু করা মোটেও কঠিন হবে না। এতে বাজারে কমপ্লায়েন্ট (আইন মান্যকারী) এবং নন-কমপ্লায়েন্ট ব্যবসায়ীদের মধ্যে রাজস্ব আদায়ের যে বৈষম্য রয়েছে, তা অনেকাংশে কমে আসবে।

কর ব্যবস্থায় স্বচ্ছতা ফেরাতে কর্মকর্তাদের বিবেচনামূলক (নিজস্ব ইচ্ছাধীন) ক্ষমতা কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। এর অংশ হিসেবে ম্যানুয়াল পদ্ধতিতে অডিটের জন্য ফাইল বাছাই পুরোপুরি বন্ধ করে অটোমেটেড বা স্বয়ংক্রিয় পদ্ধতি চালু করা হয়েছে। একই সঙ্গে বহু বছরের অডিট একসঙ্গে করার দীর্ঘদিনের প্রথা থেকে বেরিয়ে এসে এখন ঝুঁকিভিত্তিক অডিটের ওপর সর্বাধিক গুরুত্ব দিচ্ছে রাজস্ব বোর্ড।

সম্পর্কিত