
বাংলাদেশের চারটি জেলার সীমান্তে পুশইন চেষ্টার পর শূন্যরেখায় আটকা পড়া ৮৩ জনকে ফেরত নিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাধার মুখে গতকাল শুক্রবার রাতে ও শনিবার ভোরের দিকে তাদের ফিরিয়ে নিতে বাধ্য হয় ভারত।
এর মধ্যে লালমনিরহাটের চারটি সীমান্ত পয়েন্ট দিয়ে ৩৩ জন, নওগাঁর সাপাহার সীমান্তে ১৭ ও চাঁপাইনবাবগঞ্জের বাঙ্গাবাড়িতে শূন্যরেখায় আটকাপড়া ২৮ জনকে ফেরত নেওয়া হয়েছে বলে জানা গেছে। এ ছাড়া দিনাজপুরের ঘাসুড়িয়া সীমান্ত দিয়ে শনিবার ভোরের দিকে ৫ জনকে পুশইনের চেষ্টা রুখে দেয় বিজিবি।
সার্চলাইট বন্ধ ও গেট খুলে লালমনিরহাটে ৩৩ জনকে ফেরত
লালমনিরহাটে চারটি সীমান্ত পয়েন্ট দিয়ে ৩৩ নারী-পুরুষকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা ব্যর্থ হলেও গত একদিন ধরে তারা শূন্যরেখায় ছিলেন। শুক্রবার রাতে সার্চলাইট বন্ধ এবং আজ শনিবার সকালে সীমান্ত গেট খুলে তাদের ভেতরে নিয়ে যায় বিএসএফ।
১৫ বিজিবির মিডিয়া সেল জানিয়েছে, শুক্রবার (৫ জুন) ভোরের দিকে হাতীবান্ধা উপজেলার বড়খাতা সীমান্ত দিয়ে ১১ জন, পাটগ্রামের পঁয়ষট্টিবাড়ী সীমান্তে ১০ এবং আদিতমারী উপজেলার দিঘলটারী ও দুর্গাপুর সীমান্ত এলাকা দিয়ে ১২ জনকে পুশইনের চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবির বাধায় তারা ভেতরে ঢুকতে পারেননি। পরে দিনভর শূন্যরেখায় ভারতীয় সীমান্তের ভেতর অবস্থান করেন তারা ।
একইদিন রাত পৌনে ৯টার দিকে বড়খাতার বুড়া সারডুবি সীমান্তে ১১ জনকে ফিরিয়ে নেয় ১৫৭-বিএসএফ ব্যাটালিয়নের ছোট মধুসূদন ক্যাম্পের সদস্যরা। একই রাতে আদিতমারীর সীমান্তের ১২ জনকে সার্চলাইট বন্ধ করে ভারতের অভ্যন্তরে সরিয়ে নেওয়া হয়। সবশেষ শনিবার সকাল সাড়ে ৬টার দিকে পাটগ্রামের পঁয়ষট্টিবাড়ীর ১০ জনকেও সীমান্ত গেট খুলে পিকআপে সরিয়ে নেয় ৯৮ বিএসএফ ব্যাটালিয়নের মহানদী ক্যাম্পের সদস্যরা।
রংপুর সেক্টর কমান্ডার কর্নেল এস এম শফিকুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সীমান্তে পুশইনের জন্য আনা সব ব্যক্তিকে ভারতীয় কর্তৃপক্ষ তাদের ভূখণ্ডে ফিরিয়ে নিয়েছে। সীমান্তে যেকোনো ধরনের পুশইন ও অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

নওগাঁয় ১৯ ঘণ্টা পর ফিরিয়ে নেওয়া হলো ১৭ জনকে
নওগাঁর সাপাহার সীমান্তে ১৭ জনকে পুশইনচেষ্টার প্রায় ১৯ ঘণ্টা পর ফিরিয়ে নিয়েছে বিএসএফ। শুক্রবার রাত ১টার দিকে তাদের ফেরত নেওয়া হয়। শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন নওগাঁ ব্যাটালিয়ান ১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম।
গতকাল সকাল সাড়ে ৭টার দিকে সাপাহার উপজেলার হাঁপানিয়া সীমান্ত দিয়ে ৬ পুরুষ, ৬ নারী ও ৫ শিশুকে পুশইনের চেষ্টা করে বিএসএফ। পরে বিজিবির সঙ্গে পতাকা বৈঠকে তাদের বাংলাদেশি বলা হলেও কোনো প্রমাণ দেখাতে পারেনি বিএসএফ।
১৬ বিজিবির অধিনায়ক আরিফুল ইসলাম মাসুম বলেন, মানবিক বিবেচনায় শুরুতে ১৭ জনকে শূন্যলাইনে থাকতে দেয় বিজিবি। সন্ধ্যার পর তাদের নোম্যান্সল্যান্ডে পাঠিয়ে দেওয়া হয়। রাত ১টার দিকে সীমান্তের লাইট বন্ধ করে দেন বিএসএফ সদস্যরা। এরপর তাদের ফিরিয়ে নেওয়া হয় বলে ধারণা করা হচ্ছে।

চাঁপাইনবাবগঞ্জের সেই ২৮ জনকেও ফেরত
চাঁপাইনবাবগঞ্জের বাঙ্গাবাড়িতে শূন্যরেখায় আটকাপড়া ২৮ জনকে শনিবার ভোরে দেখা যায়নি। সীমান্তের নোম্যান্সল্যান্ডের ভারতীয় অংশের ৫০ গজ ভেতরে অবস্থান করছিলেন তাঁরা। বিষয়টি তখন সংবাদমাধ্যমে আলোচিত হয়।
এ ঘটনায় বিএসএফ আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও তাদের সরিয়ে নিয়েছে বলে ধারণা বিজিবির। ১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বলেন, শনিবার ভোর থেকে তাদের আর দেখা যাচ্ছে না। ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় বিএসএফ তাদেরকে ভারতের ভেতর নিয়েছে।
বিজিবির তথ্যানুযায়ী, গত বুধবার রাত ৩টার দিকে বাঙ্গাবাড়ির সীমান্ত দিয়ে ওই ২৮ জনকে পুশইনের চেষ্টা করে বিএসএফের ১২ ব্যাটালিয়নের আশরাফপুর ক্যাম্পের সদস্যরা। তাদের মধ্যে ১২ জন পুরুষ, ১০ নারী ও ৬ শিশু ছিল। তবে বিজিবির প্রতিরোধের মুখে দলটি বাংলাদেশে ঢুকতে পারেনি। এরপর থেকে শূন্যরেখাতেই ছিল তারা।

হিলি সীমান্তে ৫ জনকে ঠেকাল বিজিবি
দিনাজপুরের হাকিমপুর উপজেলার (হিলি) ঘাসুড়িয়া সীমান্ত দিয়ে ৫ জনকে পুশইনের চেষ্টা করে বিএসএফ। শনিবার ভোর ৪টার দিকে তাদের উপস্থিতি টের পেয়ে ঠেকিয়ে দেয় বিজিবি। বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট-২০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লতিফুল বারী।
বিজিবির অধিনায়ক বলেন, ভারত থেকে অবৈধ পথে কেউ যেন হিলি সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে না পারে, এজন্য বিজিবির টহল বাড়ানো হয়েছে। এ ছাড়া অরক্ষিত সীমান্তে গোয়েন্দা সংস্থার পাশাপাশি বিজিবি নজরদারি করছে।
.png)

নির্বাচনী ইশতেহার অনুযায়ী তৃণমূলের স্বাস্থ্যসেবা নিশ্চিতে দেশের স্বাস্থ্য খাতের শূন্য পদগুলোতে নিয়োগ শুরু করেছে সরকার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ইতিমধ্যে ১৩ থেকে ১৬তম গ্রেডে জরুরি ভিত্তিতে নিয়োগ কার্যক্রম শুরু করেছে।
২১ মিনিট আগে
বাগেরহাট সদরের বিষ্ণুপুর ইউনিয়নের সাহসপুর গ্রামের মানুষ। রিয়া মজুমদারের মতো ডেঙ্গুতে চলতি বছরে বাগেরহাটের বিভিন্ন উপজেলায় ঝরে গেছে অন্তত ১২ প্রাণ। কিন্তু তাদের কারও নাম নেই সরকারি নথিতে। এই সময়ে সরকারি হিসাবে মাত্র একজন মারা গেছেন ডেঙ্গুতে।
১ ঘণ্টা আগে-af7a92-256x144.webp)
ঢাকার ধামরাইয়ের কাওয়ালিপাড়া বাজারে যানজট কমাতে নির্মাণ শুরু হওয়া উড়ালসড়কের কাজ কয়েক মাস ধরে বন্ধ। এতে সংকুচিত হয়েছে মূল সড়ক, বেড়েছে যানজট ও দুর্ভোগ। সড়কের বিভিন্ন স্থানে তৈরি হয়েছে খানাখন্দ। বৃষ্টিতে কাদাপানি আর শুষ্ক মৌসুমে ধুলায় ভোগান্তিতে পড়ছেন যাত্রী ও স্থানীয় বাসিন্দারা।
৩ ঘণ্টা আগে
ঢাকার অদূরে সাভার আমিনবাজারে পুলিশের স্পেশাল ব্র্যাঞ্চের (এসবি) সদস্য আলতাফ হোসেনকে (৫৮) পিটিয়ে হত্যার অভিযোগ পাওয় গেছে। শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে আমিনবাজারের বড়দেশি এলাকার এই ঘটনায় তাঁর ছোট ছেলে আরিফুল ইসলাম (২৬) গুরুতর আহত হয়েছেন।
৪ ঘণ্টা আগে-af7a92-256x144.webp)