বন্ধ শিল্প-কারখানা চালুতে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ২৩ মে ২০২৬, ১৭: ১৯
বাংলাদেশ ব্যাংকে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলছেন গভর্নর মোস্তাকুর রহমান। সংগৃহীত ছবি

দেশের বন্ধ ও সংকটে থাকা শিল্পকারখানা চালু ও বেসরকারি খাতকে চাঙ্গা করতে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক।

শনিবার (২৩ মে) মতিঝিলে বাংলাদেশ ব্যাংকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন গভর্নর মোস্তাকুর রহমান।

সংবাদ সম্মেলনে গভর্নর বলেন, এই বিশেষ তহবিলের মাধ্যমে বন্ধ শিল্পকারখানা পুনরায় উৎপাদনে ফিরবে এবং অর্থনীতিতে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। তিনি আশা করেন, এ তহবিল থেকে অর্থায়নের মাধ্যমে প্রায় ২৫ লাখ মানুষের কর্মসংস্থান হবে।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, শুধু বন্ধ কলকারখানা নয়, কৃষি, তৈরি পোশাক, সিএমএসএমই, পরিবেশবান্ধব শিল্প এবং সৃজনশীল অর্থনীতি খাতেও এ তহবিল থেকে ঋণ ও অর্থায়ন করা হবে।

কেন্দ্রীয় ব্যাংকের মতে, এসব খাতে বিনিয়োগ বাড়লে জিডিপি প্রবৃদ্ধি ত্বরান্বিত হবে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

দেশের ব্যাংক খাত ও অর্থনীতির বিদ্যমান সংকট প্রসঙ্গে গভর্নর মোস্তাকুর রহমান বলেন, দেশ থেকে ৫ লাখ কোটি টাকা চুরি হয়ে গেছে। ঋণের এক-তৃতীয়াংশ নাই হয়ে গেছে। এসবের বিপরীতে পর্যাপ্ত সম্পদ নেই।

ঘোষিত প্রণোদনা প্যাকেজের অর্থায়ন দুটি প্রধান উৎস থেকে আসবে। এর মধ্যে ৪১ হাজার কোটি টাকার একটি পুনঃঅর্থায়ন তহবিল গঠন করা হবে বাণিজ্যিক ব্যাংকগুলোর অতিরিক্ত তারল্য থেকে। ব্যাংকগুলো কমপক্ষে তিন বছরের জন্য প্রায় ১০ শতাংশ সুদে দীর্ঘমেয়াদি আমানত হিসেবে এ অর্থ সরবরাহ করবে।

অন্যদিকে বাংলাদেশ ব্যাংক নিজস্ব তহবিল থেকে ১৯ হাজার কোটি টাকা সরবরাহ করবে, যার বিপরীতে সরকারের গ্যারান্টি থাকবে।

তহবিলের আওতায় দেওয়া ঋণে সরকার ৬ শতাংশ সুদ ভর্তুকি দেবে। ফলে গ্রাহক পর্যায়ে উদ্যোক্তারা ৭ শতাংশ সুদে ঋণ নিতে পারবেন।

বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন তহবিলের সবচেয়ে বড় অংশ—২০ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে বন্ধ ও সংকটে থাকা শিল্পকারখানার জন্য।

এছাড়া কৃষি ও গ্রামীণ অর্থনৈতিক কর্মকাণ্ডে ১০ হাজার কোটি টাকা, কুটির, ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প (সিএমএসএমই) খাতে ৫ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এ ছাড়া রপ্তানি বহুমুখীকরণে ৩ হাজার কোটি টাকা এবং উত্তরবঙ্গ কৃষি হাব উন্নয়নে আরও ৩ হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হবে।

বাংলাদেশ ব্যাংকের ১৯ হাজার কোটি টাকার নিজস্ব তহবিলের আওতায় বিভিন্ন খাতে বিশেষায়িত পুনঃঅর্থায়ন ও সহায়তা স্কিম গঠন করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় বরাদ্দ রাখা হয়েছে রপ্তানিমুখী শিল্প ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য। এই তহবিল থেকে ১০টি বিশেষ স্কিম পরিচালনা করা হবে।

ঘোষিত খাতভিত্তিক বরাদ্দ অনুযায়ী—প্রি-শিপমেন্ট ক্রেডিট রিফাইন্যান্সিং স্কিমে বরাদ্দ রাখা হয়েছে ৫ হাজার কোটি টাকা। কুটির ও ক্ষুদ্র উদ্যোক্তাদের অর্থায়নে দেওয়া হবে আরও ৫ হাজার কোটি টাকা। চামড়াজাত পণ্য ও জুতা রপ্তানি খাতে বরাদ্দ রাখা হয়েছে ২ হাজার কোটি টাকা। হিমায়িত চিংড়ি ও মাছ রপ্তানি খাতেও দেওয়া হবে ২ হাজার কোটি টাকা। বেকার যুবকদের কর্মসংস্থানে বরাদ্দ রাখা হয়েছে ১ হাজার কোটি টাকা। গ্রামীণ অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণে দেওয়া হবে ১ হাজার কোটি টাকা। পরিবেশবান্ধব ও সবুজ শিল্প তহবিলে বরাদ্দ রাখা হয়েছে ১ হাজার কোটি টাকা। বৈদেশিক কর্মসংস্থানের জন্য বরাদ্দ রাখা হয়েছে ১ হাজার কোটি টাকা। স্টার্টআপ অর্থায়নে দেওয়া হবে ৫০০ কোটি টাকা। সৃজনশীল অর্থনীতি খাতের জন্য বরাদ্দ রাখা হয়েছে আরও ৫০০ কোটি টাকা

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, এ তহবিল থেকে স্বল্পমেয়াদি কার্যকরী মূলধন ঋণ দেওয়া হবে, যার মেয়াদ হবে ১ মাস থেকে ১৮ মাস পর্যন্ত। সুদের হার তুলনামূলক কম রাখা হবে। ব্যাংক পর্যায়ে সুদের হার ৫ থেকে ৬ শতাংশের মধ্যে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে গ্রাহক পর্যায়ে মূল্যস্ফীতির চেয়ে কিছুটা বেশি হলেও নীতি সুদের হারের নিচে সুদ নির্ধারণ করা হবে।

ঋণ প্রদানের ক্ষেত্রে যেসব শিল্প ইউনিটের উৎপাদন সম্ভাবনা রয়েছে, যাদের নিশ্চিত ক্রয়াদেশ ও বাজার চাহিদা আছে এবং যারা পূর্বের ঋণ পরিশোধে আগ্রহী—তাদের অগ্রাধিকার দেওয়া হবে। প্রয়োজনে খেলাপি উদ্যোক্তাদের ঋণ শিথিল শর্তে পুনঃতফসিল করার সুযোগও রাখা হবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, রাজনৈতিক পরিবর্তন, বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা, কোভিড-পরবর্তী অভিঘাত, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, বৈদেশিক মুদ্রাবাজারের চাপ, ব্যাংক খাতে তারল্য সংকট এবং শিল্প খাতে বিনিয়োগ স্থবিরতার প্রেক্ষাপটে এ বিশেষ প্রণোদনা প্যাকেজ নেওয়া হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে ১ হাজার ২০০টির বেশি কারখানা পুরোপুরি বন্ধ অথবা আংশিক উৎপাদনে রয়েছে। ব্যাংক, ব্যবসায়ী সংগঠন ও সংশ্লিষ্ট খাত থেকে সংগৃহীত তথ্য বিশ্লেষণ করে এসব শিল্প ইউনিট চিহ্নিত করা হয়েছে।

সম্পর্কিত