বাধা ছাড়াই হরমুজ প্রণালি পাড়ি দিল রুশ প্রমোদতরী
স্ট্রিম ডেস্ক

রাশিয়ার ধনকুবের আলেক্সি মর্দাশোভের মালিকানাধীন বিলাসবহুল সুপারইয়ট ‘নর্ড’ হরমুজ প্রণালি বিনা বাধায় অতিক্রম করেছে। বিষয়টি মঙ্গলবার নিশ্চিত করেছে তার ঘনিষ্ঠ একটি সূত্র। খবর বিবিসি
৫০০ মিলিয়ন ডলারেরও বেশি মূল্যের এই প্রমোদতরীটি দুবাইয়ে রক্ষণাবেক্ষণ শেষে গত শনিবার প্রণালিটি পার হয়। যদিও ইরান যুদ্ধের কারণে ফেব্রুয়ারি থেকে এ জলপথ বন্ধ। তবুও ‘নর্ড’ কীভাবে চলাচলের অনুমতি পেল, তা স্পষ্ট নয়।
সূত্র জানায়, রুশ পতাকাবাহী জাহাজটি আন্তর্জাতিক সামুদ্রিক আইন মেনে অনুমোদিত পথেই চলাচল করেছে। এছাড়া ইরান এটিকে বন্ধুত্বপূর্ণ দেশের একটি বেসামরিক জাহাজ হিসেবে বিবেচনা করে কোনো বাধা দেয়নি।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রও এ যাত্রা নিয়ে আপত্তি তোলেনি। কারণ, জাহাজটি ইরানের কোনো বন্দরে প্রবেশ করেনি বা দেশটির সঙ্গে সরাসরি কোনো যোগাযোগ রাখেনি।
দীর্ঘদিন ধরেই রাশিয়া ইরানের ঘনিষ্ঠ মিত্র। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সম্প্রতি রাশিয়া সফরে গিয়ে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন।
জাহাজ চলাচল পর্যবেক্ষণ সংস্থা এলএসইজি জানিয়েছে, প্রণালি অতিক্রমের পর গত রোববার থেকে সুপারইয়টটি ওমান উপকূলের কাছে অবস্থান করতে দেখা গেছে।
.png)






