পণ্যে নিষেধাজ্ঞা, পূর্ব জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধ করল ইসরায়েল
স্ট্রিম ডেস্ক

পূর্ব জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধের ঘোষণা দিয়েছে ইসরায়েল। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সার এ ঘোষণা দেন। পশ্চিম তীরে ইসরায়েলি বসতিতে তৈরি পণ্যের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার পর ইসরায়েল পাল্টা এই পদক্ষেপ নিল।
পশ্চিম তীরের ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে স্বীকৃত পূর্ব জেরুজালেমের এই কনস্যুলেট বন্ধের পাশাপাশি যুক্তরাজ্যের বিরুদ্ধে আরও কয়েকটি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন সার।
তিনি বলেন, গাজা নিয়ে ইসরায়েলে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পরিচালিত সমন্বয় মিশনে ব্রিটিশ কর্মকর্তাদের অংশগ্রহণ আর থাকবে না। এ ছাড়া পশ্চিম তীরে ফিলিস্তিনি কর্তৃপক্ষের নিরাপত্তা বাহিনীকে ব্রিটেনের দেওয়া প্রশিক্ষণও বন্ধ করে দেওয়া হবে।
ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, যুক্তরাজ্যের কয়েকজন নির্বাচিত কর্মকর্তা ও কিছু ব্রিটিশ নাগরিককে ইসরায়েলে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হবে।
গিদিওন সার ব্রিটেনের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে বলেন, ব্রিটেনের এই পদক্ষেপ নৈতিকভাবে বিকৃত এবং একটি সার্বভৌম দেশের অভ্যন্তরীণ বিষয় ও নির্বাচন প্রক্রিয়ায় প্রকাশ্য হস্তক্ষেপ।
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ডের সাম্প্রতিক বক্তব্যকে ‘আপত্তিকর মিথ্যা’ বলেও মন্তব্য করেন তিনি।
সার জানান, ব্রিটেনের বিরুদ্ধে নেওয়া এসব পদক্ষেপের বিষয়ে তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সমন্বয় করেছেন।
এর আগে, আজ মঙ্গলবার অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতিতে তৈরি পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দেয় যুক্তরাজ্য। ফ্রান্স ও কানাডার সঙ্গে সমন্বয় এই সিদ্ধান্তের কথা জানায় লন্ডন।
স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন ও অবৈধ বসতি স্থাপন ঠেকাতে কূটনৈতিক চাপের অংশ হিসেবে ইসরায়েলের ওপর এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড হাউস অব কমন্সে বলেন, অন্যায় ও মানুষের দুর্ভোগের বিষয়টি শুধু তুলে ধরলেই আর হবে না, এখন পদক্ষেপ নেওয়ার সময় এসেছে। আরও দুর্ভোগ এবং দুই রাষ্ট্রভিত্তিক সমাধান ধ্বংসের ক্ষেত্রে আমরা নীরব দর্শক হয়ে থাকতে চাই না।
পশ্চিম তীরে ইসরায়েলের দখলদারিত্বকে যুক্তরাজ্য বেআইনি মনে করে বলেও জানান তিনি। একই সঙ্গে পশ্চিম তীরের কিছু এলাকায় ফিলিস্তিনিদের জাতিগতভাবে উচ্ছেদের ঘটনা ঘটছে বলে ব্রিটেনের বিশ্বাসের কথাও উল্লেখ করেন মিলিব্যান্ড।
সূত্র: রয়টার্স
.png)






