জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

ও গণভোট

ক্লিক করুন

কানাডায় স্কুলে বন্দুকধারীর গুলিতে নিহত অন্তত ৯

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক
ঢাকা

টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুল, টাম্বলার রিজ, ব্রিটিশ কলাম্বিয়া। ছবি: সংগৃহীত

কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশে একটি হাইস্কুল ও একটি আবাসিক ভবনে বন্দুকধারীর গুলিতে অন্তত ৯ জন নিহত হয়েছেন। এটি কয়েক দশকের মধ্যে কানাডার স্কুলে গুলিতে নিহতের সবচেয়ে বড় ঘটনা।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও বার্তা সংস্থা রয়টার্স বুধবার (১১ ফেব্রুয়ারি) এই খবর জানায়।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) স্থানীয় সময় দুপুর ১টা ২০ মিনিটের দিকে টাম্বলার রিজের একটি ছোট শহরের স্কুলে সক্রিয় বন্দুকধারীর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে ছয়জনকে মৃত এবং ২৫ জনকে আহত অবস্থায় পাওয়া যায়।

রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ জানিয়েছে, হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যান।

একটি আবাসিক ভবন থেকে আরও দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনা দুটি সংশ্লিষ্ট বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারীকে স্কুলে মৃত অবস্থায় পাওয়া গেছে। তার শরীরে আঘাতের চিহ্ন দেখে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে ।

স্কুল থেকে গুরুতর বা জীবন-সংকটাপন্ন আহত দুইজনকে এয়ারলিফট করে হাসপাতালে নেওয়া হয়েছে। আরও প্রায় পঁচিশ জনকে স্থানীয় চিকিৎসাকেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়েছে।

নর্থ ডিস্ট্রিক্ট কমান্ডার সুপারিনটেনডেন্ট কেন ফ্লয়েড সংবাদ সম্মেলনে বলেন, এখনো হামলার উদ্দেশ্য সম্পর্কে জানা যায়নি। এই ট্র্যাজেডির পেছনে কী উদ্দেশ্য ছিল, তা এখনো স্পষ্ট নয়। তবে দ্রুত তা জানার সর্বোচ্চ চেষ্টা চলছে।

নিহতদের মধ্যে কতজন শিশু ছিল বা তাদের হামলাকারীর সঙ্গে কী সম্পর্ক ছিল, তা এখনই বলা যাচ্ছে না।

পুলিশ হামলাকারীর পরিচয় নিশ্চিত করেছে, তবে গোপনীয়তার কারণে তার বিস্তারিত পরিচয় প্রকাশ করেনি। হামলাকারী শিশু ছিল কি না, তাও জানানো হয়নি।

কানাডায় গণগুলিবর্ষণের ঘটনা অত্যন্ত বিরল, কারণ দেশটিতে কঠোর অস্ত্র আইন রয়েছে। স্মল আর্মস রিসার্চ প্রকল্পের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে প্রতি ১০০ জনে ১২১টি আগ্নেয়াস্ত্র রয়েছে, যেখানে কানাডায় এই সংখ্যা প্রায় প্রতি ১০০ জনে ৩৫টি।

স্কুলে এ ধরনের বড় আকারের গুলিবর্ষণের ঘটনা প্রায় নজিরবিহীন। ১৯৮৯ সালে মন্ট্রিয়ালের ইকোল পলিটেকনিকে এক বন্দুকধারী ১৪জন নারীকে হত্যা করেছিল—যা নারীর বিরুদ্ধে সহিংসতা নিয়ে জাতীয় পর্যায়ে আলোচনার সূত্রপাত করে এবং কঠোর অস্ত্র আইন প্রণয়নে ভূমিকা রাখে।

কানাডায় অ্যাসল্ট-স্টাইল রাইফেল কেনা অবৈধ। এ ধরনের অস্ত্র যুক্তরাষ্ট্রের কয়েকটি স্কুলে ভয়াবহ গুলিবর্ষণে ব্যবহৃত হয়েছিল।

ব্রিটিশ কলাম্বিয়ার প্রিমিয়ার ডেভিড এবি বলেছেন, ‘এই অকল্পনীয় ট্র্যাজেডি মেনে নেওয়ার চেষ্টা করতে আমরা কমিউনিটির সদস্যদের জন্য সম্ভাব্য সব ধরনের সহায়তা নিশ্চিত করব।’

এ ঘটনার পর কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি তাঁর জার্মানিতে নির্ধারিত সফর স্থগিত করেছেন।

Ad 300x250

সম্পর্কিত