ভারতের উত্তরপ্রদেশে ঝড়-বজ্রপাতে ৯৬ জনের মৃত্যু

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রয়াগরাজে গাড়ির ওপর পড়া গাছ সরাচ্ছেন স্থানীয়রা। ছবি: রয়টার্স

ভারতের উত্তরপ্রদেশে ধূলিঝড়, বৃষ্টি ও বজ্রপাতে অন্তত ৯৬ জনের মৃত্যু হয়েছে। বুধবার রাজ্যের বিভিন্ন জেলায় এই দুর্যোগে আহত হয়েছেন আরও অর্ধশতাধিক মানুষ। এতে ব্যাপক ঘরবাড়ি ও ফসলেরও ক্ষয়ক্ষতি হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

উত্তরপ্রদেশ রিলিফ কমিশনারের কার্যালয় থেকে ৮৯ জনের মৃত্যুর খবর জানানো হয়েছে, তবে সংবাদ সংস্থা এপি নিহতের সংখ্যা অন্তত ৯৬ বলে নিশ্চিত করেছে। এই দুর্যোগে ৫৩ জন আহত হয়েছেন এবং অন্তত ১১৪টি গবাদিপশু মারা গেছে।

রাজ্য কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, ৮৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেলেও সংখ্যা আরও বাড়বে। প্রাণহানির অধিকাংশ ঘটনাই ঘটেছে গাছ উপড়ে, ঘরবাড়ি ধসে এবং সরাসরি বজ্রপাতের কারণে।

দুর্যোগ-পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় উদ্ধারকারী দল, পুলিশ এবং দুর্যোগ ব্যবস্থাপনা কর্মীরা মাঠপর্যায়ে কাজ করছেন। সড়ক ও রেললাইন থেকে উপড়ে পড়া গাছ অপসারণে ক্রেন এবং চেইন-শ ব্যবহার করা হচ্ছে। উত্তরপ্রদেশের প্রশাসনিক কর্মকর্তা নরেন্দ্র শ্রীবাস্তব জানান, ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করা হচ্ছে।

জেলাভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, প্রয়াগরাজে ১৭ জন, ভাদোহিতে ১৬ জন এবং ফতেহপুরে ৯ জন প্রাণ হারিয়েছেন। ফতেহপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অবিনাশ ত্রিপাঠি জানিয়েছেন, মৃতদের মধ্যে আটজন খাগা তহসিলের বাসিন্দা, যাদের মধ্যে পাঁচজনই নারী।

ঝড়ের ভয়াবহতা বর্ণনা করতে গিয়ে প্রত্যক্ষদর্শীরা বলেন, কয়েক মিনিটে আকাশ পুরোপুরি অন্ধকার হয়ে যায় এবং ঘরবাড়ির টিনের চালগুলো উড়তে থাকে। বিশেষ করে বিভিন্ন গ্রামে ফসল ও বিদ্যুৎ অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত