পশ্চিম তীরে ২ মসজিদে আগুন দিল দখলদার ইসরায়েল

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ১৭: ২২
কুসরা শহরে নির্মাণাধীন আল–রাহমা মসজিদে আগুন দেয় ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। ছবি: সংগৃহীত

পশ্চিম তীরে দুটি মসজিদে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দখলদার ইসরায়েলের বিরুদ্ধে। রোববার (২৬ জুলাই) তুলকারেমের দক্ষিণে কুর গ্রাম এবং নাবলুসের দক্ষিণে কুসরা শহরে এই ঘটনা ঘটে। খবর মিডল ইস্ট মনিটরের।

ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফা জানায়, কুর গ্রামে ঢুকে একটি মসজিদে আগুন ধরিয়ে দেয় বসতিস্থাপনকারীরা। এতে মসজিদের ভবন ও ভেতরের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। হামলাকারীরা মসজিদের দেয়ালে বর্ণবাদী স্লোগান লিখে যায়। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে।

ওয়াফা আরও জানায়, কুরের ঘটনার কয়েক ঘণ্টা আগে কুসরা শহরে নির্মাণাধীন আল-রাহমা মসজিদে আগুন দেয় দখলদারেরা। কুসরার মেয়র আবদেল আজিম ওয়াদি বলেন, আগুনে নির্মাণকাজে ব্যবহৃত কাঠ ও বিভিন্ন সরঞ্জাম পুড়ে গেছে।

ফিলিস্তিনের ওয়াক্ফ ও ধর্মবিষয়ক মন্ত্রণালয় কুরের মসজিদে হামলাকে ‘জঘন্য অপরাধ’ উল্লেখ করে নিন্দা জানিয়েছে। মন্ত্রণালয়ের দাবি, ২০২৫ সালে ইসরায়েলি সেনাবাহিনীর সুরক্ষায় বসতিস্থাপনকারীরা পশ্চিম তীরে অন্তত ৪৫টি মসজিদে হামলা কিংবা আগুন দিয়েছে।

এদিকে, নাবলুসের পূর্বে বেইত ফুরিক শহরেও এক ফিলিস্তিনির বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। ওয়াফার বরাত দিয়ে নিরাপত্তা সূত্র জানিয়েছে, হামলাকারীরা আল-দুব্বাত এলাকায় ওই বাড়িতে আগুন দেয় এবং দেয়ালে বর্ণবাদী স্লোগান লেখে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

গত কয়েক দিনে ধরে পশ্চিম তীরে সহিংসতা বাড়ছে। শুক্রবার নাবলুসের কাছে তেল শহরে সেনাবাহিনীর সহায়তায় বসতিস্থাপনকারীদের হামলায় চার ফিলিস্তিনি নিহত হন। একই সংঘর্ষে দুই ইসরায়েলি নিহত হন বলে ফিলিস্তিনি ও ইসরায়েলি সূত্র জানিয়েছে।

এরপর ইসরায়েলি বাহিনী নাবলুস ও আশপাশের এলাকায় অবরোধ দিয়ে ব্যাপক ধরপাকড় চালায়। পাশাপাশি পশ্চিম তীরে বড় পরিসরে সামরিক অভিযানের ঘোষণা দেয়।

ফিলিস্তিনি কর্মকর্তারা জানান, ২০২৩ সালের অক্টোবর থেকে পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী ও বসতিস্থাপনকারীদের হামলায় অন্তত ১ হাজার ১৮২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন কয়েক হাজার। আর অন্তত ২৪ হাজার মানুষকে আটক করা হয়েছে।

ফিলিস্তিনের কলোনাইজেশন অ্যান্ড ওয়াল রেজিস্ট্যান্স কমিশনের ৬ জুলাই প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের প্রথম ছয় মাসে বসতিস্থাপনকারীরা ফিলিস্তিনিদের ওপর ৩ হাজার ৪৮৮টি হামলা চালিয়েছে। এসব হামলার মধ্যে গ্রামে আক্রমণ, বাড়িতে অগ্নিসংযোগ, গুলিবর্ষণ, জমি দখল এবং নতুন বসতি স্থাপন অন্যতম। এসব হামলায় অন্তত ১৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

ফিলিস্তিনিদের অভিযোগ, পশ্চিম তীরে এসব হামলার লক্ষ্য ইসরায়েলের সঙ্গে অঞ্চলটি আনুষ্ঠানিকভাবে যুক্ত করার পথ তৈরি।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত