ইসরায়েলি নিরাপত্তামন্ত্রীর ওপর নিষেধাজ্ঞা ফ্রান্সের

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ২৩ মে ২০২৬, ২০: ৫৮
ইসরায়েলি নিরাপত্তামন্ত্রী ইতিমার বেন-গভির। ছবি: সংগৃহীত

ইসরায়েলের কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতিমার বেন গভিরের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ফ্রান্স। শনিবার (২৩ মে) এক্স হ্যান্ডেল পোস্টে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারো বিষটি জানিয়েছেন। খবর আল জাজিরার।

ফ্লোটিলা কর্মীদের জিম্মি করার পর ইসরায়েললি মন্ত্রীর বিদ্রূপের ভিডিও প্রকাশের পর নিন্দা শুরু হয়। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারো বলেন, আজ থেকে ইতিমার বেন-গভিরের ফরাসি ভূখণ্ডে প্রবেশ নিষিদ্ধ।

তিনি বলেন, গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় থাকা ফরাসি ও ইউরোপীয় নাগরিকদের প্রতি তাঁর নিন্দনীয় আচরণের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বেন-গভির সামাজিক মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন। সেখানে তাঁকে ফ্লোটিলার কর্মীদের হাঁটু গেড়ে বসা অবস্থায় বিদ্রূপ করতে দেখা যায়। ওই কর্মীদের চোখ ও হাত বাঁধা ছিল।

এর আগে ইসরায়েলি নৌবাহিনী সাইপ্রাস উপকূলের আন্তর্জাতিক জলসীমায় ফ্লোটিলার জাহাজগুলো আটকে দেয়। পরে প্রায় ৪৩০ অংশগ্রহণকারীকে জিম্মি করে ইসরায়েল।

কর্মীদের মেঝেতে টেনে নেওয়ার ছবি প্রকাশের পর ইতালি, ফ্রান্স, নেদারল্যান্ডস, কানাডা ও স্পেনসহ কয়েকটি দেশ ইসরায়েলি রাষ্ট্রদূতদের তলব করে। তারা এই আচরণকে অগ্রহণযোগ্য এবং মানবিক মর্যাদার লঙ্ঘন বলে নিন্দা জানায়।

বারো বলেন, আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না যে, ফরাসি নাগরিকদের এভাবে হুমকি, ভয়ভীতি ও সহিংসতার মুখে পড়তে হবে। আমি লক্ষ্য করেছি, ইসরায়েলের বহু সরকারি ও রাজনৈতিক ব্যক্তিত্বও এসব কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছেন।

তিনি আরও বলেন, ফিলিস্তিনিদের বিরুদ্ধে ঘৃণা ও সহিংসতায় উসকানিমূলক বক্তব্য এবং কর্মকাণ্ডের দীর্ঘ ধারাবাহিকতার অংশ এগুলো। আমার ইতালীয় সহকর্মীর মতো আমিও ইউরোপীয় ইউনিয়নের প্রতি ইতামার বেন-গভিরের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানাচ্ছি।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত