জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

ও গণভোট

ক্লিক করুন

প্রসিকিউটরদের দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে কাজ শুরু করল ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ১১ মার্চ ২০২৬, ১৫: ৫৮
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সংগৃহীত ছবি

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের কোনো সদস্য বা সংশ্লিষ্ট কারও বিরুদ্ধে ওঠা অনৈতিক কর্মকাণ্ড ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে কাজ শুরু করেছে পাঁচ সদস্যের ‘ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি’। বুধবার (১১ মার্চ) চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলামের নেতৃত্বে কমিটির চার সদস্য নিজেদের মধ্যে প্রথম বৈঠক করে এই কার্যক্রম শুরু করেন। দুপুরে চিফ প্রসিকিউশন কার্যালয়ের কনফারেন্স রুমে সাংবাদিকদের ব্রিফিংয়ে এই তথ্য জানান ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

তিনি সাংবাদিকদের বলেন, “আমাদের সামনে একটি প্রশ্ন বা অভিযোগ এসেছে, যেটিকে আমরা হালকাভাবে দেখছি না। একই সঙ্গে এই ট্রাইব্যুনালে আরও যদি কোনো অভিযোগ থেকে থাকে, সেসব বিষয়ে বিস্তারিত তথ্য উদ্ঘাটনের জন্য আমার নেতৃত্বে একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করেছি।”

কমিটির কার্যক্রম শুরুর বিষয়টি নিশ্চিত করে চিফ প্রসিকিউটর বলেন, “আমরা পাঁচ সদস্যবিশিষ্ট একটি কমিটি করেছি। আজকে শারীরিক অসুস্থতার কারণে একজন অনুপস্থিত থাকায় আমরা চারজন একত্রে বসেছি। আমাদের মূল বিষয়বস্তু হচ্ছে—প্রসিকিউশন টিমের কোনো সদস্য বা সংশ্লিষ্ট কোনো ব্যক্তি যদি অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকেন, আমরা তা উদ্ঘাটন করব। যদি তাঁদের বিরুদ্ধে সুনির্দিষ্ট (সাবস্টেনটিভ) কোনো অভিযোগ পাওয়া যায়, তবে সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেব।” এ সময় সাংবাদিকরা কমিটির অন্য সদস্যদের নাম জানতে চাইলে চিফ প্রসিকিউটর তা প্রকাশ করতে অস্বীকৃতি জানান।

জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলার এক আসামিকে জামিন করিয়ে দেওয়ার প্রলোভনে সদ্য সাবেক প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে ১ কোটি টাকা ঘুষ দাবির অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশের পর মঙ্গলবার (১০ মার্চ) দিনভর প্রসিকিউটরদের কয়েক দফা রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকেই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠনের চূড়ান্ত সিদ্ধান্ত আসে।

ট্রাইব্যুনাল সূত্র জানায়, শুধু সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে ওঠা ১ কোটি টাকা ঘুষ চাওয়ার অভিযোগই নয়, ট্রাইব্যুনালের সাম্প্রতিক আরও কিছু বিষয় এই কমিটির তদন্তের আওতায় থাকবে। এর মধ্যে অন্যতম হলো—আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় সাবেক উপপরিদর্শক (এসআই) শেখ আবজালুল হককে রাজসাক্ষী (অ্যাপ্রুভার) করাকে কেন্দ্র করে ওঠা দুর্নীতির অভিযোগ। মূলত জুলাই গণ-অভ্যুত্থানের পর পুনর্গঠিত ট্রাইব্যুনালে যেসব অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে, তার সার্বিক তদন্ত করবে এই কমিটি।

চিফ প্রসিকিউটর আনুষ্ঠানিকভাবে নাম প্রকাশ না করলেও ট্রাইব্যুনাল সূত্র জানিয়েছে, মো. আমিনুল ইসলামের নেতৃত্বে গঠিত এই কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন—ট্রাইব্যুনালের সিনিয়র প্রসিকিউটর মো. আব্দুস সোবহান তরফদার, সদ্য নিয়োগ পাওয়া দুই প্রসিকিউটর মার্জিনা রায়হান (মদিনা) ও মোহাম্মদ জহিরুল আমিন এবং ট্রাইব্যুনালের ল রিসার্চ অফিসার সিফাতুল্লাহ।

চিফ প্রসিকিউটর জানিয়েছেন, প্রসিকিউশনের অভ্যন্তরীণ এই তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেলে অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানাবে প্রসিকিউশন।

সম্পর্কিত