প্রধানমন্ত্রীর ভারত সফরের সিদ্ধান্ত এখনো হয়নি: প্রেসসচিব

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন বলে দেশটির গণমাধ্যমে সংবাদ প্রকাশ করেছে। তবে এই বিষয়ে এখনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ (ছালেহ শিবলী)।

শুক্রবার (১৪ আগস্ট) রাতে স্ট্রিমকে প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রী রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণের পর থেকে বিভিন্ন দেশ নানা উপলক্ষে তাঁকে আমন্ত্রণ জানিয়েছে। তিনি দুটি দেশে সফর করেও এসেছেন। সময়, সুযোগ ও পরিস্থিতি বিবেচনা করে আমন্ত্রণ জানানো দেশগুলোতে সফরের বিষয়ে সিদ্ধান্ত নেবেন তিনি।

ভারত সফরের বিষয়ে তিনি বলেন, সেই প্রক্রিয়ার অংশ হিসেবে হয়তো এসব আলোচনা হচ্ছে। তবে তিনি যাবেন কিনা, এ ব্যাপারে এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত হয়নি।

এর আগে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী সপ্তাহে নয়াদিল্লি সফর করতে পারেন। দুই দিনের দ্বিপক্ষীয় সফরের পরিকল্পনার কথাও বলা হয়। তবে সময়সূচি ও বিস্তারিত বিষয় এখনো চূড়ান্ত হয়নি বলে উল্লেখ করা হয় ওই প্রতিবেদনে।

সম্ভাব্য সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তারেক রহমানের বৈঠক হলে বাণিজ্য, যোগাযোগ, জ্বালানি, সীমান্ত ব্যবস্থাপনা ও আঞ্চলিক নিরাপত্তাসহ দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় আলোচনায় আসতে পারে বলে প্রতিবেদনটিতে বলা হয়েছে।

এ ছাড়া বাংলাদেশ ও ভারতের সম্পর্কের বিভিন্ন অমীমাংসিত বিষয় নিয়ে দুই দেশের শীর্ষ পর্যায়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর মধ্যে শেখ হাসিনার প্রত্যর্পণ, পানি বণ্টন, বাণিজ্য ও সীমান্ত ব্যবস্থাপনার মতো বিষয় রয়েছে।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তারেক রহমানকে নয়াদিল্লি সফরের আমন্ত্রণ জানানো হয়েছিল। একই সঙ্গে সেপ্টেম্বরে ভারতে অনুষ্ঠেয় ব্রিকসের আউটরিচ অধিবেশনেও বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে ভারত।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত