অতিথি নিয়ন্ত্রণ আইন ফেরানোর দাবি শাহদাত হোসেনের

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ২২ জুন ২০২৬, ২৩: ২৪
বিএনপির সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম। সংগৃহীত ছবি

লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য মো. শাহদাত হোসেন জাতীয় সংসদে অতিথি নিয়ন্ত্রণ আইন পুনরায় চালুর দাবি জানিয়েছেন। আজ সোমবার (২২ জুন) বাজেট বক্তৃতায় অংশ নিয়ে তিনি বলেন, এই আইন কার্যকর হলে নিত্যপণ্যের দাম অন্তত ১০ শতাংশ কমে আসবে।

বাজেট বক্তৃতায় শাহদাত হোসেন বলেন, ‘মাননীয় স্পিকার, আমাদের দেশে বিয়ে অনুষ্ঠানের নামে বিত্তবানদের অর্থের যে প্রদর্শনী চলে, তা বন্ধ করতে হবে। সাত দিন, আট দিন, ১০ দিন বা এক মাস আগে থেকে কোরিওগ্রাফার দিয়ে নাচ শিখে হলুদ অনুষ্ঠানে সেই নাচ করা হয়। এটি ধর্মের সঙ্গে সাংঘর্ষিক মাননীয় স্পিকার। এটি বন্ধ করতে হবে।’

অতিথি নিয়ন্ত্রণ আইন পুনরায় চালুর প্রয়োজনীয়তা উল্লেখ করে তিনি আরও বলেন, ‘অতীতে যে অতিথি নিয়ন্ত্রণ আইন ছিল, সেই আইনকে কার্যকর করতে হবে। আপনি দেখবেন মাননীয় স্পিকার, যদি অতিথি নিয়ন্ত্রণ আইন কার্যকর করা যায় এবং আমরা ধর্মীয় অনুশাসন মেনে চলি, তবে মুদ্রাস্ফীতির পরিমাণ কমে আসবে। এতে এক দিনেই বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অন্তত ১০ শতাংশ কমে আসবে।’

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত