প্রশ্নফাঁস নিয়ে ‘বিভ্রান্তি’ ছড়ালে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ২৮ জুন ২০২৬, ১৬: ৪৭
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত

এইচএসসি ও সমমান পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ালে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

আজ রোববার (২৮ জুন) সিলেটে পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘পরীক্ষা ও শিক্ষা ব্যবস্থা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম বা অন্য কোনো মাধ্যমে বিভ্রান্তি ছড়ালে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে। পরীক্ষায় নকল বা প্রশ্নফাঁস না হওয়া সত্ত্বেও কেউ যদি সোশ্যাল মিডিয়া বা অন্য কোনো মাধ্যমে বিভ্রান্তি ছড়ায়, তবে অবশ্যই পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।’

মন্ত্রী জানান, এসব অনিয়ম মোকাবিলায় ‘পাবলিক পরীক্ষা আইন ১৯৮০’ সংশোধন করা হয়েছে। আজ জাতীয় সংসদে এটি বিল আকারে উত্থাপন করা হবে। নকল প্রতিরোধ আইনটি নতুনভাবে সংস্কার ও যুগোপযোগী করার উদ্দেশ্যেই এটি সংসদে উত্থাপন করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

শিক্ষকদের মানোন্নয়নের বিষয়ে মন্ত্রী বলেন, ‘যদি শিক্ষকরা দক্ষ ও সক্ষম না হন, তবে ভালো শিক্ষার্থীও হবে না। এ জন্য শিক্ষকদের আরও দক্ষ করে গড়ে তোলার জন্য যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বাজেটেও এ জন্য পর্যাপ্ত বরাদ্দ রাখা হয়েছে।’

সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আনোয়ার হোসেন চৌধুরীর সভাপতিত্বে সভায় সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট শিক্ষা বোর্ডের সচিব চৌধুরী মামুন আকবর, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ আহমেদ সিদ্দিকীসহ স্থানীয় প্রশাসনের প্রতিনিধি ও কেন্দ্র প্রধানরা উপস্থিত ছিলেন।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত