রাঙামাটিতে ছাত্রদলের কমিটি নিয়ে পাল্টাপাল্টি, ১৪৪ ধারা জারি

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
রাঙামাটি

রাঙামাটিতে জেলা ছাত্রদলের নতুন কমিটি নিয়ে পদপ্রাপ্ত ও পদবঞ্চিত দুইটি পক্ষ মুখোমুখি। স্ট্রিম ছবি

রাঙামাটিতে জেলা ছাত্রদলের নতুন কমিটি কেন্দ্র করে সোমবার (৪ মে) দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করে সেনাবাহিনী। ওই ঘটনায় পৌর যুবদলের সদস্য মো. ইউসুফ আহত হয়েছেন বলে সাংগঠনিক সূত্রে জানা গেছে।

এদিকে শহরের পৌরসভা, কাঠালতলী এলাকা ও বনরূপার আশেপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করেছে রাঙামাটি পার্বত্য জেলা প্রশাসন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিশাত শারমিনের স্বাক্ষরিত এক আদেশে এই তথ্য জানানো হয়। এর আগে বিকাল ৩টার দিকে জেলা ছাত্রদলের নতুন কমিটির নেতাকর্মীদের আনন্দ মিছিল কেন্দ্র করে পদ পাওয়া ও পদবঞ্চিত দুই পক্ষের নেতাকর্মীরা মুখোমুখি অবস্থান নেয়।

রাঙামাটি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিশাত শারমিন বলেন, ‘শান্তি-শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে কয়েকটি এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। এ আদেশ আজকে (সোমবার) পর্যন্ত কার্যকর থাকবে।’

রাঙামাটিতে ছাত্রদলের দুইটি পক্ষের মুখোমুখি অবস্থান নিয়ন্ত্রণ করে সেনাবাহিনী ও পুলিশ । স্ট্রিম ছবি
রাঙামাটিতে ছাত্রদলের দুইটি পক্ষের মুখোমুখি অবস্থান নিয়ন্ত্রণ করে সেনাবাহিনী ও পুলিশ । স্ট্রিম ছবি

সংগঠনের নেতাকর্মীরা জানিয়েছে, ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা উপলক্ষে আনন্দ মিছিল করতে বিকেলে শহরের পৌরসভা এলাকায় অবস্থান নেয় পদপ্রাপ্ত নেতাকর্মীরা। অপর দিকে পদবঞ্চিত নেতারা জেলা বিএনপি কার্যালয়ের সামনে অবস্থান নেয়। এ সময় তাঁদের হাতে লাঠিসোঁটা ছিল। তাঁরা আনন্দ মিছিলে যোগ দিতে আসা বিভিন্ন উপজেলার নেতাকর্মীদের বাধা দেন। পরে নতুন কমিটির নেতাকর্মীরা বিএনপি কার্যালয়ের দিকে অগ্রসর হলে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়। এ সময় একজন কর্মীকে আহত হলে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। পরে সেনাবাহিনী লাঠিচার্জ করলে দুই পক্ষ ছত্রভঙ্গ হয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ ও সেনাবাহিনী।

এদিকে সেনাবাহিনীর লাঠিচার্জের পর জেলা বিএনপি কার্যালয়ে এসে সংবাদ সম্মেলন করে জেলা ছাত্রদলের নতুন কমিটির নেতারা। কমিটির সভাপতি মো. অলি আহাদ বলেন, ‘আমাদের দীর্ঘদিনের সহযোদ্ধারা অনেকেই আংশিক কমিটির কারণে কমিটিতে স্থান পাননি। আমরা পূর্ণাঙ্গ কমিটিতে সবাইকে যথাযথভাবে মূল্যায়ন করব।’

রাঙামাটির কোতোয়ালি থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন বলেন, ১৪৪ ধারা জারি করা হয়েছে পৌরসভা, কাঠালতলী ও বনরুপা আশেপাশে এলাকায়। কোনো প্রকার মিছিল, মিটিং ও জনসভা করা যাবে না। এসব স্থানে পুলিশ সদস্য মোতায়েন রয়েছে।

এর আগে গত শনিবার (২ মে) রাতে রাঙামাটি জেলা ছাত্রদলের ২৩ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রদল। তবে এই কমিটির নেতাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে পরের দিন রোববার জেলা বিএনপি কার্যালয়ের সামনে বিক্ষোভ করে ছাত্রদলের একাংশ। আজ সোমবার দুপুরে নতুন কমিটির আনন্দ মিছিল কর্মসূচিকে কেন্দ্র করে মুখোমুখি হয় দুই অংশই।

সম্পর্কিত