সরকারের সমালোচনা করুন, অহেতুক প্রতিবন্ধকতা নয়: ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম
স্ট্রিম প্রতিবেদক

সরকারের ভুল-ত্রুটির সমালোচনা করা সাংবাদিকদের দায়িত্ব। তবে এক্ষেত্রে সরকারের চলার পথে অহেতুক প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না। বরং দেশকে এগিয়ে নিতে সাংবাদিকদের ইতিবাচক পরামর্শ দিতে হবে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম এ কথা বলেছেন।
শনিবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) ভবনে একটি গণমাধ্যমের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আবদুস সালাম বলেন, ‘সাংবাদিকতা সমাজের অবিচ্ছেদ্য অংশ। সংবাদপত্র রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। দেশের প্রতি, জনগণের প্রতি ও সমাজের প্রতি সাংবাদিকদের দায়বদ্ধতা রয়েছে। বিভিন্ন আন্দোলন-সংগ্রাম ও মুক্তিযুদ্ধে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। সমাজের অনিয়ম ও ত্রুটি তুলে ধরে সমালোচনার মাধ্যমে তারা পরিবর্তনের পথ তৈরি করেন।’
বর্তমান সরকারের দায়িত্ব নেওয়ার সময় দেশের অর্থনীতি ও বিভিন্ন খাতের সংকটের কথা তুলে ধরে ডিএসসিসি প্রশাসক বলেন, ‘সমস্যাসংকুল একটি দেশের দায়িত্ব নিয়েছে সরকার। অর্থনীতি ভালো অবস্থায় ছিল না। গণতন্ত্র ও মৌলিক অধিকার নিয়েও সংকট ছিল। গ্যাস, পানি ও বিদ্যুতের পাশাপাশি ব্যাংক খাতেও বিভিন্ন সমস্যা রয়েছে।’
তার মতে, আন্তর্জাতিক পরিস্থিতিও দেশের অর্থনীতির ওপর চাপ তৈরি করছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে তেলের দাম ও সরবরাহে যে চাপ তৈরি হয়েছে, তার প্রভাব বিশ্ব অর্থনীতিতে পড়ছে। বাংলাদেশও এর বাইরে নয়। এসব সংকট মোকাবিলায় সরকার চেষ্টা করছে। এর জন্য সময় প্রয়োজন।
সরকারের দায়িত্ব নেওয়ার পাঁচ-ছয় মাসের মধ্যেই দীর্ঘদিনের গ্যাস, বিদ্যুৎ বা অন্যান্য সংকট পুরোপুরি সমাধান সম্ভব নয় উল্লেখ করে আবদুস সালাম বলেন, ‘দীর্ঘ সময় গ্যাসকূপ খনন করা হয়নি। এখন নতুন করে গ্যাসকূপ খননের উদ্যোগ নেওয়া হচ্ছে। বিদ্যুতের সমস্যা সমাধানে সৌরবিদ্যুতের দিকেও যাওয়ার চেষ্টা চলছে।’
ঢাকার নগর ব্যবস্থাপনা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি দায়িত্ব নেওয়ার সময় নগর ব্যবস্থাপনা অনেকটাই ভঙ্গুর ছিল। ব্যাটারিচালিত রিকশা, হকার ও জলাবদ্ধতা দীর্ঘদিনের সমস্যা। পুরান ঢাকার অনেক এলাকায় পদ্ধতিগত উন্নয়ন হয়নি। অনেক ড্রেনও বৃষ্টির পানি নিষ্কাশনের সক্ষমতা হারিয়েছে। এ কারণে ধানমন্ডি, নিউমার্কেট ও গ্রিন রোডসহ বিভিন্ন এলাকায় অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতা তৈরি হয়।’
ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে ঢাকা দক্ষিণ সিটিকে চারটি ভাগে ভাগ করার পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, ‘এক এলাকার রিকশা যেন অন্য এলাকায় যেতে না পারে, সেই ব্যবস্থা করা হবে। আশপাশের জেলা থেকে রিকশা ঢাকায় প্রবেশ নিয়ন্ত্রণের পাশাপাশি সব রিকশাকে নিবন্ধনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। ব্যাটারি চার্জে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের পরিবর্তে সৌরবিদ্যুৎ ব্যবহারের পরিকল্পনাও রয়েছে।’
.png)






