নারী দলের অধিনায়কত্ব নিয়ে সিদ্ধান্ত এশিয়ান গেমসের পর: বিসিবি
স্ট্রিম প্রতিবেদক

বাংলাদেশ নারী ক্রিকেট দলর অধিনায়কত্ব, সতীর্থদের সঙ্গে সম্পর্ক, পারফরম্যান্সসহ অনেক বিষয়ে নানা আলোচনা চলছে। এসব অভিযোগের কিছু বিসিবির নজরেও এলেও এশিয়ান গেমসের আগে অধিনায়ক বা দলের কাঠামোয় পরিবর্তনের পথে হাঁটছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টুর্নামেন্ট শেষে অভিযোগগুলো খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন বিসিবির নারী উইংয়ের চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু।
শনিবার (১২ সেপ্টেম্বর) মিরপুরে অধিনায়ক ব্যাপারে প্রশ্ন করা হলে রফিকুল ইসলাম বাবু বলেন, ‘আমরা এটা অবজার্ভ করছি। এশিয়া কাপ শেষে ওরা সেখান থেকে সরাসরি এশিয়ান গেমসে খেলতে যাবে। এই মুহূর্তে আমি এমন কথা বলতে চাচ্ছি না। যেহেতু টিম ও ক্যাপ্টেন অলরেডি সিলেক্টেড। সবকিছুই অনেক আগে নাম পাঠিয়ে দেওয়া হয়েছে।’
এশিয়া কাপে ভারতীয় অধিনায়কের সঙ্গে বাংলাদেশ অধিনায়কের সৌহার্দ্যপূর্ণ আচরণ না করার বিষয় নিয়ে তিনি বলেন, ‘ডেফিনেটলি এটা তার নিজের সিদ্ধান্ত। আমরা একটা জিনিস মনে করি, খেলাধুলার মাধ্যমে সারা বিশ্বকে ঐক্যবদ্ধ করা সম্ভব। এটা ইন্ডিয়া বলে নয়, সবার সঙ্গেই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকা উচিত। খেলার মধ্যে বিভেদ সৃষ্টি হলে ইরান আমেরিকায় খেলতে যেতো না। ’
নারী দলের কোচিং প্যানেল নিয়ে বাবু জানান, এশিয়ান গেমসের পারফরম্যান্স দেখে পরবর্তী সিদ্ধান্ত তাঁরা নেবেন। এশিয়ান গেমসের পর অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফরসহ সামনে আরও ব্যস্ত সূচি রয়েছে বলেও জানান তিনি।
অধিনায়কের বিরুদ্ধে মারামারির অভিযোগের বিষয়ে বাবু বলেন, ‘আমাদের কাছে যে অভিযোগগুলো আছে, সেগুলো ইনশা আল্লাহ আমরা খতিয়ে দেখে বোর্ড সভাপতির সঙ্গে আলোচনা করব। তবে এশিয়ান গেমসের পর পরিস্থিতি মূল্যায়ন করেই সিদ্ধান্ত নেওয়া হবে।’
নারী দলের মিডিয়া ম্যানেজার ফাইয়াজের বিরুদ্ধেও কয়েকজন ক্রিকেটারের গুরুতর অভিযোগের প্রসঙ্গ উঠে আসে সংবাদ সম্মেলনে। এ নিয়ে বাবুর বলেন, ‘এখানে যদি কোনো অভিযোগ প্রমাণিত হয়, এটা যার বিরুদ্ধেই হোক, কেউই পার পাবে না। মেয়েদের সুরক্ষার ব্যাপারে আমরা জিরো টলারেন্স।’
তবে ক্রিকেটারদের অভিযোগ এখনো আনুষ্ঠানিকভাবে তাঁর কাছে আসেনি বলেও জানান তিনি। অভিযোগ লিখিত বা আনুষ্ঠানিকভাবে এলে প্রমাণের ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন বাবু।
নারী টি-২০ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা ও ভারতের বিপক্ষে কাছাকাছি গিয়েও হারের উদাহরণ টেনে বাবু বলেন, সামান্য ভুলের কারণেই বড় দলগুলোর বিপক্ষে জয় হাতছাড়া হচ্ছে। এসব দুর্বলতা কাটিয়ে নারী দলকে আরও শক্তিশালী করার লক্ষ্যেই কাজ চলছে বলে জানান তিনি।
.png)






-6aa393b956c75-fc1d5c-256x144.webp)