তারেক রহমানের দেশে ফেরায় সরকারের আপত্তি নেই: প্রেস সচিব

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৫, ১৯: ৫৩
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ছবি প্রধান উপদেষ্টার প্রেস উইং

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে কোনো বাধা নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শনিবার (২৯ নভেম্বর) সকালে হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ‘সংকটময় পরিস্থিতিতে’ ছেলে তারেক রহমান তাঁর দেশে ফেরার বিষয়ে কথা বলেন। ফেসবুকে দেওয়া এক পোস্টে এর ব্যাখ্যায় তিনি লিখেন, এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তাঁর একক নিয়ন্ত্রণাধীন নয়।

তারেক রহমানের এই পোস্টের পর আজ বিকেলে এক ফেসবুক পোস্টে প্রেস সচিব লিখেছেন, ‘এ ব্যাপারে সরকারের তরফ থেকে কোনো বিধিনিষেধ অথবা কোনো ধরনের আপত্তি নেই।’ তিনি লেখেন, ‘বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ইতিমধ্যে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং তাঁর জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।’

প্রায় ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন থেকে আর্থ্রাইটিস, ডায়াবেটিসের পাশাপাশি কিডনি, লিভার, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। গত ২৩ নভেম্বর রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হলে, পরীক্ষা-নিরীক্ষায় ফুসফুসে ‘সংক্রমণ’ ধরা পড়ে। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে মেডিকেল বোর্ডের নিবিড় তত্ত্বাবধানে হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসা চলছে।

পরিবার থেকে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নেওয়ার পরিকল্পনা চলছে বলে আজ দুপুরে ফেসবুক পোস্টে জানিয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন। তবে বিকেলে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিদেশে নেওয়ার মতো শারীরিক অবস্থায় এখন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নেই বলে জানিয়েছেন। তিনি বলেন, আল্লাহর অসীম রহমতে যদি তাঁর অবস্থা স্থিতিশীল হয়, তখন বিদেশে স্থানান্তর করা সম্ভব কি না তা বিবেচনা করা হবে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত