leadT1ad

ধোবাউড়ায় শিশুকে ধর্ষণের পর নদে ফেলে চার যুবক, আটক ৩

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
ময়মনসিংহ

ধর্ষণ। প্রতীকী ছবি

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় নিখোঁজের আড়াই ঘণ্টা পর কংস নদে মরদেহ পাওয়া শিশুটি (৫) ধর্ষণের শিকার হয়েছিল। চার যুবক ধর্ষণের পর নিস্তেজ অবস্থায় শিশুটিকে নদে ফেলে দেয়।

ওই ঘটনায় আটক তিন যুবকের মধ্যে একজনের বরাতে এসব তথ্য দিয়েছে পুলিশ। আটকরা হলেন, মারুফ হোসেন (২০), আরিফ হোসেন (১৮) ও রাকিব হাসান (১৯)। তারা সবাই একই এলাকায় বাসিন্দা।

এর আগে রোববার সন্ধ্যায় কংস নদ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। দাফনের প্রস্তুতির সময় ধর্ষণের আলামত পেলে পুলিশকে জানানো হয়।

শিশুটির স্বজনেরা জানান, রোববার বিকেল ৫টার দিকে চিপস কিনতে বাড়ি থেকে বেরিয়েছিল শিশুটি। না ফেরায় কিছুক্ষণ পর খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা। এরপর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাড়ি থেকে কিছুটা দূরে কংস নদের বাঁকে মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা।

তারা আরও জানান, দাফনের প্রস্তুতি হিসেবে গোসল করানোর সময় শিশুটির মরদেহে ধর্ষণের আলামত পাওয়া যায়। পরে পুলিশকে জানালে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ মর্গে পাঠায়। সোমবার বিকেলে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

এ ঘটনায় সোমবার দুপুরে মারুফ, রাকিব ও আরিফকে আটক করে পুলিশ। তবে সন্ধ্যা পর্যন্ত ওই ঘটনায় মামলা হয়নি।

ময়মনসিংহের সহকারী পুলিশ সুপার (হালুয়াঘাট সার্কেল) মিজানুর রহমান বলেন, আটকদের মধ্যে একজনের ভাষ্য অনুযায়ী, বাড়ি ফেরার পথে শিশুটিকে কদম ফুল দেওয়ার কথা বলে নদের পাড়ে জঙ্গলের মতো স্থানে নেয় অভিযুক্ত চার যুবক। সেখানে ধর্ষণের পর রক্তক্ষরণ হলে জীবিত অবস্থাতেই শিশুটিকে নদে ফেলে দেয়।

তিনি আরও বলেন, চারজনই শিশুটিকে ধর্ষণ করেছে বলে জানিয়েছে ওই যুবক। তবে বাকি দুজন এখনও কিছু স্বীকার করেনি। জড়িত অন্য একজনকে আটকের চেষ্টা চলছে।

Ad 300x250

সম্পর্কিত