সচিবালয় ফাঁকা দুপুরের আগেই, তৎপরতা সেলামি আদায়ে

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ২৪ মে ২০২৬, ১৭: ১৬
বাংলাদেশ সচিবালয়। ছবি: সংগৃহীত

ঈদুল আজহা উপলক্ষে সাত দিনের ছুটি শুরু হচ্ছে সোমবার। তার আগে শেষ কর্মদিবসে রোববার (২৪ মে) সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি ছিল কম। ছুটির আবহ থাকলেও যাঁরা আছেন, সহকর্মীর কাজের চাপ নিজে নিয়ে খুশির কথা জানিয়েছেন।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, যারা ঈদ করতে বাড়িতে যাবেন, তারা ছুটি নিয়ে শুক্রবারেই গ্রামে চলে গেছেন। আমরা যারা রয়েছি, তাদের বাড়তি চাপ নিয়ে কাজ করতে হচ্ছে। সহকর্মীর জন্য এতটুকু ত্যাগ করতেই হবে।

অবশ্য কোনো কোনো মন্ত্রণালয়ে কাজের চাপ কম ছিল বলে কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে। তাদের কেউ কেউ বলছিলেন, মন্ত্রী ও সচিবের দপ্তরে কোনো বৈঠক থাকলে তাঁর সঙ্গে সম্পৃক্তরা কিছুটা ব্যস্ত থাকেন।

যাঁরা অফিস করছেন, তাঁরা শেষ দিনের কাজ গোছাতে ব্যস্ত সময় পার করছেন। তবে দর্শনার্থী অভ্যর্থনা কক্ষে ভিড় কম দেখা গেছে। লিফটের কর্মীরা তৎপর কর্মকর্তা ও সচিবালয়ে আসা অতিথিদের কাছ থেকে সেলামি আদায়ে।

আগামী ২৮ মে দেশে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। ছুটির আগে শনি ও রোববার সরকারি অফিস, আদালত এবং সব ব্যাংকের শাখা খোলা রাখার ঘোষণা দেওয়া হয়।

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, কোরবানির ঈদ উপলক্ষে দেশের সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত বন্ধ থাকবে।

তবে জরুরি পরিষেবা, যেমন– বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দরগুলোর কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট, ডাক সেবা এবং এ-সংশ্লিষ্ট সেবায় নিয়োজিত যানবাহন ও কর্মীরা এই ছুটির আওতার বাইরে থাকবে।

চিকিৎসক, নার্স, ওষুধসহ চিকিৎসাসামগ্রী বহনকারী যান ও কর্মীরাও এই ছুটির আওতার বাইরে থাকবেন। জরুরি কাজের সঙ্গে সম্পৃক্ত অফিসও ছুটির মধ্যে পড়বে না।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত