চেকপোস্ট বন্ধ

আয়ের পথ হারালেন রাবির শিক্ষার্থীরা, বাড়ছে বহিরাগতের আনাগোনা

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
রাজশাহী বিশ্ববিদ্যালয়

নতুন প্রশাসন এসে ক্যাম্পাসের প্রবেশপথের এই চেকপোস্ট কার্যক্রম বন্ধ করে দিয়েছে। স্ট্রিম ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নিরাপত্তার জন্য চেকপোস্টের দায়িত্বে ছিলেন শিক্ষার্থীরা। বিনিময়ে পেতেন সামান্য সম্মানি। এতে চলত নিজেদের পড়াশোনা ও হাতখরচ। কিন্তু নতুন প্রশাসন এসে ক্যাম্পাসের প্রবেশপথের এই চেকপোস্ট কার্যক্রম বন্ধ করে দিয়েছে। এতে আয়ের পথ হারিয়ে যেমন বিপাকে পড়েছেন শিক্ষার্থীরা, তেমনি নজরদারি না থাকায় ক্যাম্পাসে বেড়েছে বহিরাগতদের আনাগোনা।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, অন্তর্বর্তী সরকারের সময় ক্যাম্পাসের নিরাপত্তা বাড়াতে নয়টি প্রবেশপথে চেকপোস্ট চালু করা হয়। প্রতিদিন বিকেল থেকে রাত পর্যন্ত পাহারায় থাকতেন ক্যাম্পাসের শিক্ষার্থীদের পরিচালিত বিএনসিসি, রোভার স্কাউট ও কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্যরা। প্রতি দুই ঘণ্টা দায়িত্ব পালনের জন্য তাঁরা পেতেন ৮০ টাকা সম্মানী। কিন্তু নতুন প্রশাসন এসে এই কর্মসূচি বন্ধ করে দেয়।

এই সামান্য আয়টুকু অনেক শিক্ষার্থীর পড়াশোনা ও হাতখরচের বড় ভরসা ছিল জানিয়ে রোভার স্কাউটের সদস্য সাদিয়া ইয়াসমিন স্ট্রিমকে বলেন, ‘রাজশাহী অঞ্চলে টিউশনি পাওয়া এমনিতেই কঠিন। চেকপোস্টের আয়টা আমাদের জন্য বড় সহায়তা ছিল। এখন সেটা বন্ধ হয়ে যাওয়ায় নিজের খরচ চালাতে বেশ কষ্ট হচ্ছে।’

বিএনসিসির ক্যাডেট আন্ডার অফিসার তানভীর আহমেদ হামজা বলেন, সম্মানী নিয়ে জটিলতার কারণেই মূলত প্রক্টর দপ্তর থেকে আপাতত কর্মসূচিটি বন্ধ রাখা হয়েছে।

আর্থিক সংকটের পাশাপাশি ক্যাম্পাসে নিরাপত্তার ঝুঁকিও বেড়েছে বলে জানান সাদিয়া ইয়াসমিন। তিনি বলেন, চেকপোস্টে শিক্ষার্থীদের পাহারার কারণে ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ অনেকটাই নিয়ন্ত্রিত ছিল। এখন সেই নিয়ন্ত্রণ না থাকায় বহিরাগতদের চলাচল বেড়েছে, যা সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তার জন্যও উদ্বেগের।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. মাহবুবর রহমান জানান, চেকপোস্ট পরিচালনায় যেমন বাজেট সংকট রয়েছে, তেমনি শিক্ষার্থীদের দায়িত্ব পালনেও ঘাটতি ছিল। তাঁর দাবি, কয়েকটি গেটে নিয়মিত দায়িত্ব পালন করা হলেও বাকিগুলোতে তা হচ্ছিল না।

কিন্তু অবহেলার এমন অভিযোগ নাকচ করে বিএনসিসির বিমান শাখার কর্মকর্তা মো. নাসিম উদ্দিন বলেন, ‘দায়িত্বে অবহেলার বিষয়ে প্রশাসন আগে কখনো আমাদের কিছু জানায়নি। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জানিয়েছিলেন, প্রশাসনের সিদ্ধান্ত হলে আবার ডিউটি শুরু হবে। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো তা হয়নি।’

চেকপোস্ট বন্ধ থাকার কারণে গত কয়েক দিনে ক্যাম্পাসের নিরাপত্তা পরিস্থিতির অবনতি হয়েছে উল্লেখ বলে করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মার। তিনি স্ট্রিমকে বলেন, চেকপোস্ট আবার চালু করতে একটি রোডম্যাপ প্রশাসনের কাছে দেওয়া হয়েছে।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম বলেন, প্রয়োজনীয় বাজেট না থাকা এবং শিক্ষার্থীদের মিশ্র প্রতিক্রিয়ার কারণে আপাতত কার্যক্রমটি স্থগিত রাখা হয়েছে। সিন্ডিকেট সভায় আলোচনার পর বিষয়টি চূড়ান্ত হবে।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত