ক্যানসার হাসপাতালের উপপরিচালকের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ৭

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ০১: ০৯
ক্যানসার হাসপাতাল। ছবি: সংগৃহীত

রাজধানীর মহাখালীতে জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের উপপরিচালক ডা. আহমদ হোসেনের ওপর হামলার ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) র‍্যাব সদর দপ্তরের উপপরিচালক (মিডিয়া) মেজর লুৎফর রহমান হাদী পাঁচজনকে গ্রেপ্তারের বিষয়ে জানান। একই ঘটনায় বনানী থানা পুলিশ দুইজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে।

সংবাদ সম্মেলনে র‍্যাবের উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী জানান, চাঞ্চল্যকর এই ঘটনার মাত্র ২৪ ঘণ্টার মধ্যে র‍্যাব-১ এবং র‍্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা যৌথ অভিযানে পাঁচজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শরিফুল আলম ওরফে করিম (প্রধান অভিযুক্ত), আমিনুল ইসলাম ওরফে কালু, সাজ্জাদ ওরফে বদি, সালাউদ্দিন এবং আরিফুজ্জামান। গ্রেপ্তার ব্যক্তিদের বনানী থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বনানী থানার ওসি ফরিদ উল ইসলাম স্ট্রিমকে বলেন, ‘চিকিৎসকের ওপর হামলায় জড়িত দুজনকে আমরা গ্রেপ্তার করেছি। তারা হলেন- মো. ইউসুফ আলী ও মোহাম্মদ নেসার আহমেদ। এ ছাড়া আরও বেশ কয়েকজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, র‍্যাব পাঁচজনকে গ্রেপ্তার করে বিকালে আমাদের কাছে পাঠিয়েছে। তাদেরকে আগামীকাল আদালতে পাঠানো হবে।

হামলার কারণ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ঘটনার সাথে জড়িত বাকি আসামিদের গ্রেপ্তার ও তদন্তকাজ সম্পন্ন হওয়ার পর বিষয়টি স্পষ্ট করে বলতে পারব।

এদিকে র‍্যাব পাঁচজনকে গ্রেপ্তার করার পর দুপুরে সংবাদ সম্মেলনে জানিয়েছে, জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের বিভিন্ন উন্নয়নমূলক কাজের টেন্ডার পাওয়া নিয়ে বিরোধের জেরে পরিকল্পিতভাবে ডা. আহমদ হোসেনকে ওপর হামলা চালানো হয়।

উল্লেখ্য, সোমবার বিকাল আনুমানিক ৪টার দিকে অফিস শেষ করে বাসায় ফেরার পথে হামলার শিকার হন ডা. আহমদ হোসেন। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের পুরাতন ক্যাম্পাসের পেছনের গলি দিয়ে হেঁটে যাওয়ার সময় দুই-তিনজন অস্ত্রধারী দুর্বৃত্ত তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে হাত ও পিঠে এলোপাথাড়ি আঘাত করে পালিয়ে যায়। এ ঘটনায় হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা বাদী হয়ে বনানী থানায় অজ্ঞাতনামা ৮-১০ জনকে আসামি করে মামলা করেন।

সম্পর্কিত