ব্রাহ্মণবাড়িয়ায় কওমী শিক্ষার্থীদের বাধায় স্থগিত ‘বনলতা এক্সপ্রেস’ প্রদর্শনী

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
ব্রাহ্মণবাড়িয়া

‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার পোস্টার ও ব্রাহ্মণবাড়িয়ার কওমী নেতার লাল ক্রসচিহ্ন দেওয়া পোস্ট দেন।

কওমি শিক্ষার্থীদের বাধার মুখে ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার প্রদর্শনী স্থগিত করেছে ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটি।বিশৃঙ্খলা এড়াতে কর্তৃপক্ষ অনুমতি প্রত্যাহার করায় আজ শনিবার (৩০ মে) বিকেলের এই আয়োজনটি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত শুক্রবার (২৯ মে) বিকেলে শহরের কান্দিপাড়ার জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদরাসায় জরুরি বৈঠকের পর কওমি শিক্ষার্থীদের একটি অংশ সিনেমা প্রদর্শন করতে না দেওয়ার ঘোষণা দেয়। পরে প্রদর্শনী স্থগিত করে বিবৃতি দেয় ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটি। এ ঘটনায় উদ্বেগ জানিয়েছেন স্থানীয় সংস্কৃতিকর্মীরা।

জানা যায়, জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে স্নাতকে অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটি আজ শনিবার (৩০ মে) বিকেলে শহরের অন্নদা সরকারি উচ্চবিদ্যালয়ে ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমা প্রদর্শনীর আয়োজন করেছিল। পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সিনেমাটির প্রদর্শনীর বিরুদ্ধে প্রচারণা চালায় কওমি মাদরাসার শিক্ষার্থীদের একটি অংশ। বিষয়টি নিয়ে বিতর্ক শুরু হলে বিদ্যালয় কর্তৃপক্ষ মাঠে সিনেমা দেখাতে বারণ করে।

জেলার কওমি ঐক্যপরিষদ নেতা নাসরুল্লাহ মুয়াজ নিজের ফেসবুকে ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমা প্রদর্শনীর ফটোকার্ডে লাল ক্রসচিহ্ন দিয়ে একটি পোস্ট করেন। তিনি লেখেন, 'ব্রাহ্মণবাড়িয়া আলেম-ওলামার শহর। এই শহরে আল্লামা ফখরে বাঙ্গাল (রহ.) একসময় সিনেমা বন্ধ করে গিয়েছিলেন। কিন্তু দুঃখজনকভাবে দেখা যাচ্ছে, কিছু কুচক্রী মহল আবারও শহরে সিনেমা চালু করার অপচেষ্টায় লিপ্ত।'

তিনি আরও বলেন, 'সাধারণ ছাত্রসমাজ ও সচেতন জনগণের পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি এ ধরনের কার্যক্রম অবিলম্বে বন্ধ করতে হবে। আমরা প্রশাসনের সুদৃষ্টি ও কার্যকর পদক্ষেপ কামনা করছি, যাতে ব্রাহ্মণবাড়িয়ার ধর্মীয় ও সামাজিক পরিবেশ অক্ষুণ্ণ থাকে।'

গত শুক্রবার বিকেলে জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদরাসায় শীর্ষ আলেম ও কওমি ঐক্যপরিষদের নেতারা বৈঠক করেন। বৈঠকে কোনো অবস্থাতেই সিনেমা প্রদর্শন করতে দেওয়া হবে না বলে সিদ্ধান্ত হয়। এ ছাড়া সিনেমা প্রদর্শনের নামে কেউ যেন বিশৃঙ্খলা না করতে পারে, সেজন্য জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদরাসায় সতর্কতামূলক অবস্থান কর্মসূচি দেওয়া হয়।

পরে ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী স্থগিত করে বিবৃতি দেয় ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটি। বিবৃতিতে বলা হয়, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে প্রদর্শনীর ভেন্যু ব্যবহারের অনুমতি কর্তৃপক্ষ প্রত্যাহার করায় সিনেমা প্রদর্শনী সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটির সাধারণ সম্পাদক বখতিয়ার শাহরিয়ার বলেন, 'ফেসবুকসহ বিভিন্ন জায়গায় বাধার সম্মুখীন হওয়ার পরও আমরা চেষ্টা করেছিলাম সিনেমাটি প্রদর্শন করতে। কিন্তু স্কুল কর্তৃপক্ষ হামলার আশঙ্কায় সিনেমা প্রদর্শনের অনুমতি বাতিল করেছে। ফলে চেষ্টা করেও কোনো ভেন্যু না পাওয়ায় প্রদর্শনী স্থগিত করেছি। প্রশাসন থেকেও কোনো সহযোগিতা পাইনি। আমাদের বলা হয়েছে আপাতত এটি বন্ধ রাখতে।' তিনি আরও বলেন, 'তাঁরা যদি এটি না চান, তাহলে তাঁরা না আসুন। কিন্তু যাঁরা এটি করতে চান, তাঁদের অবশ্যই করতে দিতে হবে।'

ব্রাহ্মণবাড়িয়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক আব্দুন নূর বলেন, '“বনলতা এক্সপ্রেস” সিনেমা প্রদর্শনী বন্ধ করাকে ঘিরে ব্রাহ্মণবাড়িয়া সম্পর্কে সারা দেশ, এমনকি আন্তর্জাতিক অঙ্গনে একটি নেতিবাচক বার্তা যাচ্ছে। সরকারি আইন অনুযায়ী সিনেমা প্রদর্শন নিষিদ্ধ নয়। এখানে সরকারি আইন অমান্য হয়েছে। এটি গণতন্ত্রের পরিপন্থী।'

এ বিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. আবুসাঈদ বলেন, 'সিনেমা প্রদর্শনীর বিষয়ে আমাদের কাছ থেকে কোনো অনুমতি নেওয়া হয়নি। ফলে আনুষ্ঠানিকভাবে আমরা বিষয়টি সম্পর্কে অবগত নই। তবে ফেসবুকে নানা রকম আলোচনার কারণে অনানুষ্ঠানিকভাবে জেনেছি। বিষয়টি স্পর্শকাতর হওয়ায় আপাতত প্রদর্শনী বন্ধ থাকবে।'

সম্পর্কিত